চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘটনাস্থলে CBI, ধৃতের আইনজীবী-মায়ের বিস্ফোরক দাবি ঘিরে নতুন মোড়

 


তদন্তভার হাতে নিয়েই ঘটনাস্থলে CBI

মধ্যমগ্রাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে তদন্তভার হাতে নিয়েই ঘটনাস্থল পরিদর্শনে গেল CBI। মঙ্গলবার রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা SIT-এর হাত থেকে তদন্তের দায়িত্ব গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই মধ্যমগ্রামের সেই জায়গায় যান তদন্তকারীরা, যেখানে গত ৬ মে রাতে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে।

কীভাবে হয়েছিল হামলা?

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি চারচাকার গাড়ি এসে দাঁড়ায়। ফলে তাঁর গাড়ি থেমে যায়। সেই সময় দু’দিক থেকে দু’টি বাইকে করে আসে দুষ্কৃতীরা। এরপর খুব কাছ থেকে চন্দ্রনাথ রথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। তাঁর গাড়ির চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ভিনরাজ্য থেকে তিনজন গ্রেফতার

এই খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালায়। সেই অভিযানেই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ সিংহ। এছাড়াও গ্রেফতার হয়েছেন ময়াঙ্করাজ মিশ্র এবং ভিকি মৌর্য।

তবে ধৃত রাজ সিংহের আইনজীবী হরিবংশ সিংহ অভিযোগ তুলেছেন, গ্রেফতারির সময় আইনি প্রক্রিয়া মানেনি পশ্চিমবঙ্গ পুলিশ।

ধৃতের আইনজীবীর অভিযোগ

রাজ সিংহের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে অযোধ্যা থেকে গ্রেফতার করা হলেও স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়নি। সরাসরি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, CBI তদন্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে।

মুখ খুললেন ধৃতের মা

ধৃত রাজ সিংহের মা জামবন্তী সিংহও ছেলেকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ৭ মে রাজ তাঁর সঙ্গে উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। পরদিন তাঁরা অম্বেডকর নগরের এক মাজারে যান। ৯ মে সকালে অযোধ্যার পথে একটি খাবারের দোকানের কাছে তাঁদের আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি।

জামবন্তীর দাবি, তাঁকে ও তাঁর ছেলেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে রাজকে বিমানে কলকাতায় আনা হয়। তাঁর বক্তব্য, চন্দ্রনাথ রথ খুনে তাঁর ছেলের কোনও যোগ নেই।

বিশেষ দল গঠন করবে CBI

CBI বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে কাজ করবে এই দল। রাজ্য পুলিশের হাতে থাকা নথি, ফরেন্সিক রিপোর্ট, ধৃতদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত তথ্য এবং ঘটনাস্থলের প্রমাণ নতুন করে খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা।

তদন্তে নতুন মোড়ের অপেক্ষা

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বড় আলোড়ন ফেলেছে। এবার CBI তদন্তে খুনের পরিকল্পনা, ভিনরাজ্য যোগ, অর্থের উৎস এবং মূল ষড়যন্ত্রকারীদের ভূমিকা কতটা স্পষ্ট হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

মন্তব্যসমূহ