স্বস্তিতে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়ড়া! অর্থ তছরুপ মামলায় জামিন মঞ্জুর আদালতের
বড়সড় আইনি স্বস্তি পেল গান্ধী পরিবার। হরিয়ানার গুরুগ্রামের বহুচর্চিত শিকোহপুর জমি দুর্নীতি মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট বঢ়রার জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর করা অর্থ তছরুপ (Money Laundering) মামলায় শনিবার সশরীরে আদালতে হাজিরা দিতেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বঢ়রার এই জামিনের আবেদন গ্রহণ করেন বিশেষ বিচারক।
কী এই শিকোহপুর জমি কেলেঙ্কারি?
২০০৮ সালের এই জমি চুক্তির গতিপ্রকৃতি নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির পেশ করা চার্জশিট অনুযায়ী:
প্রভাব খাটিয়ে লাইসেন্স: গুরুগ্রামের শিকোহপুর গ্রামে ৩.৫৩ একরের একটি কৃষিজমি কেনার ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছিল এবং বঢ়রা নিজের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সেই জমির বাণিজ্যিক লাইসেন্স আদায় করেছিলেন।
টাকা না দিয়েই হস্তান্তর: ইডি-র আইনজীবী জোয়েব হোসেন আদালতে সওয়াল করেন, জমি হস্তান্তরের জন্য ৭.৫ কোটি টাকার যে চেক দেখানো হয়েছিল, তা কোনওদিন ব্যাঙ্কেই ভাঙানো বা এনক্যাশ করা হয়নি। অর্থাৎ, কার্যত অর্থ লেনদেন ছাড়াই জমির মালিকানা বদল হয়।
ডিএলএফ-কে চড়া দামে বিক্রি: পরবর্তীতে ওই জমিটিই বহুগুণ বেশি দামে ডিএলএফ (DLF) রিয়েলটির কাছে বিক্রি করে কোটি কোটি টাকার খয়রাতি করা হয়। এই জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বঢ়রার প্রায় ৩৮ কোটি টাকার ৪৩টি স্থাবর সম্পত্তি সাময়িকভাবে ক্রোক করেছে ইডি।
আদালত থেকে বেরোতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ:
শুক্রবারই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ইডি-র পেশ করা এই চার্জশিটটি আমলে নিয়ে বঢ়রাসহ সমস্ত অভিযুক্তকে সশরীরে হাজিরার সমন পাঠিয়েছিল। সেই নির্দেশ মেনেই আজ আদালতে হাজিরা দেন তিনি। ইডি তাঁর জামিনের প্রবল বিরোধিতা করলেও, আদালত শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে বঢ়রার জামিন মঞ্জুর করে।
আদালত থেকে জামিন পেয়েই বাইরে এসে ক্ষোভ উগরে দেন রবার্ট বঢ়রা। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি বলেন, "দেশের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে এটা সবাই জানে যে ইডি এখন সম্পূর্ণভাবে কেন্দ্রের মোদী সরকারের ইশারায় চলছে। যখনই আমাদের পরিবার রাজনীতিতে ভালো কিছু করে, বা ভোটের হাওয়া ঘোরে, তখনই এভাবে এজেন্সিকে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন