২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করল SSC, CBI উদ্ধার করা নথি ওয়েবসাইটে আপলোড২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করল SSC, CBI উদ্ধার করা নথি ওয়েবসাইটে আপলোড


রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র

কলকাতা: রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল SSC। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই OMR শিট প্রকাশ করা হয়েছে।

CBI-এর কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের OMR শিটের ছবি আপলোড করা হয়েছে বলে SSC সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়

২০১৬ সালের শিক্ষক নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠেছে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা মিশে যাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মতো বড় সিদ্ধান্তও সামনে আসে।

চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ দীর্ঘদিন ধরেই OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি ছিল, আসল নথি সামনে এলে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সহজ হবে।

CBI উদ্ধার করা OMR প্রকাশ

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে CBI যে হার্ডডিস্ক উদ্ধার করেছিল, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার OMR শিটের ছবি পাওয়া যায়।

SSC বিজ্ঞপ্তিতে জানিয়েছে, CBI-এর কাছ থেকে পাওয়া ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার OMR শিট আদালতের নির্দেশ মেনেই আপলোড করা হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের প্রার্থীদের OMR শিট প্রকাশিত হয়েছে।

গ্রুপ C ও গ্রুপ D OMR শীঘ্রই

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ২০১৬ সালের গ্রুপ C এবং গ্রুপ D চাকরিপ্রার্থীদের স্ক্যান করা OMR শিটও শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। ফলে নিয়োগ সংক্রান্ত আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে চাকরিহারা প্রার্থীদের একাংশ।

SSC ভবনে ডেপুটেশনের ডাক

এই আবহে আগামী ১৩ মে SSC ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে অযোগ্য বলে চিহ্নিত নন, এমন চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, OMR শিট প্রকাশের পর এবার দ্রুত রি-প্যানেলিং করা হোক এবং যোগ্যদের চাকরি ফেরানো হোক।

চাকরিহারাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যে তথ্য প্রকাশের দাবি তাঁরা জানাচ্ছিলেন, অবশেষে তা সামনে এল। এবার আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবে যোগ্যদের নিয়োগই তাঁদের মূল দাবি।

মন্তব্যসমূহ