অভিষেকের ‘দুর্গে’ শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক! ডায়মন্ড হারবার যাচ্ছেন শুভেন্দু
ডায়মন্ড হারবার: রাজ্যে শাসনভার গ্রহণের পর প্রথম প্রশাসনিক জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনাকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁর প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই সফরকে ঘিরে জেলার প্রশাসনিক অলিন্দ থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
নজরে ত্রিস্তরীয় পর্যালোচনা:
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ ডায়মন্ড হারবারের একটি আবাসিক হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হবে। মুখ্যমন্ত্রী মূলত তিন স্তরে এই পর্যালোচনা চালাবেন। প্রথম দফায় ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং বারুইপুর পুলিশ জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে বসবেন তিনি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করাই এই বৈঠকের মূল লক্ষ্য। দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই এলাকায় রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ ও কেন্দ্রীয় প্রকল্প চলছে, তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
বিধায়কদের সঙ্গে বৈঠক ও প্রকল্পের জল্পনা:
পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধায়কদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় বিধায়কদের কাছ থেকে নিজ নিজ এলাকার অভাব-অভিযোগ ও থমকে থাকা কাজগুলির খতিয়ান সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের অনুমান, এই বৈঠক থেকেই ডায়মন্ড হারবার ও সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য একগুচ্ছ নতুন পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন শুভেন্দু অধিকারী।
নিরাপত্তার কড়াকড়ি:
তৃণমূল জমানায় ‘ডায়মন্ড হারবার মডেল’ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র হিসেবে এই এলাকাটি সর্বদা রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে। ফলে নতুন মুখ্যমন্ত্রীর প্রথম সফরকে কেন্দ্র করে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বৈঠকস্থল এবং তার আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা।
প্রশাসনিক এই কর্মসূচি সম্পন্ন করার পরেই মুখ্যমন্ত্রী রওনা দেবেন ফলতার উদ্দেশ্যে। সেখানে দলের একটি পূর্বনির্ধারিত কর্মীসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। শাসক ও বিরোধী— উভয় শিবিরের নজরই এখন মুখ্যমন্ত্রীর এই ডায়মন্ড হারবার সফরের গতিপ্রকৃতির দিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন