মিঠুনের ফ্ল্যাটে মুখ্যমন্ত্রী! ‘মহাগুরু’র আশীর্বাদ নিয়ে অভিষেকের দুর্গে পা শুভেন্দুর

Author
By Bapan Biswas
Published:
Follow Us

'এর থেকে ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না', প্রশংসায় আপ্লুত শুভেন্দু বললেন ‘মিঠুনদা মহাগুরু’



 

ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক পালাবদলের পর রাজভবন বা নবান্ন নয়, শনিবার সকালে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠল নিউটাউনের একটি বহুতল আবাসন। সকাল সকাল বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ফ্ল্যাটে হাজির হলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় এক ঘণ্টার সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন দুই তারকা। শুভেন্দুকে পাশে নিয়ে মিঠুন চক্রবর্তী যেখানে তাঁকে ‘বাংলার সেরা মুখ্যমন্ত্রী’র সার্টিফিকেট দিলেন, সেখানে শুভেন্দুর মুখেও শোনা গেল— ‘মিঠুনদা তো মহাগুরুই!’


‘আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছেই আসবে’

মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত আবেগঘন এক তথ্য প্রকাশ করেন। তিনি হাসিমুখে বলেন, "মিঠুনদা আগেই আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আমি ওঁকে বলেছিলাম— আপনি বড়, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে নিজে আপনার বাড়ি আসবে।" মিঠুনের রাজনৈতিক লড়াইয়ের প্রশংসা করে শুভেন্দু বলেন, "গত ছয় বছরেরও বেশি সময় ধরে উনি বাংলায় পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। উনি একজন দৃঢ় রাষ্ট্রবাদী নেতা। নির্বাচনী প্রচারে উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি ধাপে ধাপে আমরা পূরণ করব।"


ক্লাস এইটের পর সিনেমা না দেখলেও ‘মিঠুনদাই মহাগুরু’:

কথায় কথায় নিজের সিনেমা দেখার অভ্যাস নিয়েও অকপট হন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, তিনি ক্লাস এইটের পর আর কোনও সিনেমা থিয়েটারে বা পর্দায় দেখেননি। কিন্তু মিঠুন চক্রবর্তীর স্থান তাঁর কাছে সম্পূর্ণ আলাদা। মুখ্যমন্ত্রীর কথায়, "মিঠুনদা তো মিঠুনদাই, তিনি সত্যিই মহাগুরু।" অন্যদিকে শুভেন্দুর কাজের স্টাইলে মুগ্ধ মহাগুরুও দরাজ সার্টিফিকেট দিয়ে বলেন, "এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর হতে পারে না, আমরা সত্যিই ভাগ্যবান।"


মহাগুরুর ফ্ল্যাট থেকে সোজা ডায়মন্ড হারবারে:

মিঠুন চক্রবর্তীর নিউটাউনের ফ্ল্যাটে এই মেগা সৌজন্য সাক্ষাৎ সেরেই মুখ্যমন্ত্রী সরাসরি রওনা দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। আজ দুপুর ১টা নাগাদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে তাঁর জীবনের প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছেন শুভেন্দু।


সেখানে সুন্দরবন, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার শীর্ষ কর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে বড় বৈঠকের পাশাপাশি লোকসভার সমস্ত বিধায়কদের নিয়েও বসবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, মহাগুরুর আশীর্বাদ নিয়ে আজ ডায়মন্ড হারবারের মাটি থেকেই দক্ষিণ ২৪ পরগনাবাসীর জন্য একগুচ্ছ নতুন ও বড়সড় উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই খবরটি শেয়ার করুন
Facebook WhatsApp X

মন্তব্যসমূহ