এ বার খুলছে ‘কাটমানি’র ফাইল! ডায়মন্ড হারবার থেকে সিন্ডিকেট ও তোলাবাজি রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কাটমানি নিয়ে কড়া বার্তা ডায়মন্ড হারবার থেকে
ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে কাটমানি, তোলাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যে আর “শাসকের আইন” নয়, এবার “আইনের শাসন” চলবে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা নিয়ে থাকলে, সেই অভিযোগ থানায় জানানো যাবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, পুলিশ ও প্রশাসনকে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ করতে হবে। সরকারি প্রকল্প, রাজনৈতিক হিংসা, তোলাবাজি বা মহিলাদের উপর অত্যাচারের মতো বিষয়ে কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করার বার্তা দেওয়া হয়েছে।
কাটমানির প্রমাণ থাকলে থানায় অভিযোগ
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্যের কোনও প্রকল্পের সুবিধা পেতে যদি কাউকে কাটমানি দিতে হয়ে থাকে, তাহলে অভিযোগকারী থানায় গিয়ে অভিযোগ জানাতে পারবেন। বিশেষ করে অনলাইন টাকা পাঠানোর প্রমাণ, অ্যাকাউন্ট ট্রান্সফারের নথি বা অন্য কোনও ইলেকট্রনিক ডকুমেন্ট থাকলে তা জমা দেওয়া যাবে।
তাঁর দাবি, নথি পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে গ্রেপ্তারও করা হতে পারে। তবে একই সঙ্গে মিথ্যা অভিযোগ নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুরনো রাজনৈতিক হিংসার অভিযোগও নেওয়া হবে
গত পাঁচ বছরে রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন এমন ব্যক্তিদেরও নতুন করে থানায় অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যাঁদের হাতে তথ্যপ্রমাণ আছে, তাঁরা তা জমা দিতে পারবেন। আর যাঁদের কাছে সরাসরি প্রমাণ নেই, তাঁদের অভিযোগও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
শুধু রাজনৈতিক হিংসা নয়, পুলিশের দ্বারা কেউ অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ থাকলেও থানায় অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। মহিলারা যদি অত্যাচারের শিকার হয়ে থাকেন, তাঁরাও নতুন করে অভিযোগ জানাতে পারবেন বলে বার্তা দেওয়া হয়েছে।
অটো-টোটো-হকারদের থেকে তোলা বন্ধের নির্দেশ
তোলাবাজি ইস্যুতেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অটো, টোটো এবং হকারদের কাছ থেকে সিন্ডিকেটের নামে টাকা তোলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, কেউ টাকা চাইতে এলে সরাসরি থানায় যেতে হবে।
শুভেন্দুর বক্তব্য, “অবৈধ টোল চলবে না।” প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে।
মহিলা পুলিশের পোস্টিং নিয়ে নয়া ভাবনা
ডিজিপিকে মহিলা পুলিশ অফিসার ও মহিলা কনস্টেবলদের পোস্টিং নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, মহিলা পুলিশ কর্মীদের পার্শ্ববর্তী জেলায় কাজের সুযোগ দিলে তাঁদের সুবিধা হবে।
যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, বিশেষ করে ১৫ বছরের বেশি সময় ধরে কর্মরত মহিলা কনস্টেবলদের নিজের জেলায় পোস্টিং দেওয়া যায় কি না, তা নিয়েও ইতিবাচক চিন্তাভাবনার কথা বলেছেন তিনি।
পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙার ঘোষণা
মুখ্যমন্ত্রী এ দিন জানান, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। সরকারি সম্পত্তি নষ্ট করা বা পুলিশের গায়ে হাত তোলার মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এই প্রশাসনিক বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কাটমানি, তোলাবাজি এবং পুরনো রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে পুলিশ-প্রশাসন এখন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন