Tamil Nadu Chief Minister C Joseph Vijay: শ্রীলঙ্কার জেলে ৬ তামিল মৎস্যজীবী, মুক্তির দাবিতে জয়শঙ্করকে চিঠি মুখ্যমন্ত্রী বিজয়ের




জয়শঙ্করের কাছে জরুরি হস্তক্ষেপের আর্জি

চেন্নাই: শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর ৬ মৎস্যজীবীর মুক্তির দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে তিনি অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ করার আবেদন জানান।

শুধু মৎস্যজীবীদের মুক্তিই নয়, শ্রীলঙ্কার হাতে আটক হওয়া তাঁদের মাছ ধরার নৌকাও দ্রুত ফেরানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মাণ্ডপম থেকে সমুদ্রে গিয়েছিলেন ৬ জন

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রামনাথপুরম জেলার মাণ্ডপম উপকূলীয় এলাকা থেকে ১০ মে একটি দেশি নৌকায় মাছ ধরতে সমুদ্রে যান ৬ মৎস্যজীবী। ১২ মে তাঁদের শ্রীলঙ্কার নৌবাহিনী আটক করে বলে অভিযোগ।

গ্রেফতার হওয়া মৎস্যজীবীরা হলেন—অ্যালেক্স, অ্যান্টনি রাজন, সান্থানা আরোকিয়াস, আরুল ডি’ব্রিট্টো, অ্যালবার্ট এবং সহায়া সেলভাসানু।

IMBL পেরোনোর অভিযোগ

শ্রীলঙ্কার নৌবাহিনীর দাবি, ওই মৎস্যজীবীরা আন্তর্জাতিক সমুদ্রসীমা বা IMBL অতিক্রম করেছিলেন। তবে তামিলনাড়ু সরকারের বক্তব্য, পাল্ক প্রণালী অঞ্চলে মাছ ধরার উপর নির্ভরশীল বহু পরিবার এই ধরনের ঘটনায় বারবার বিপাকে পড়ছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের মতে, এটি শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং উপকূলবর্তী মানুষের জীবন-জীবিকা ও মানবিক সংকটের বিষয়।

শ্রীলঙ্কার জেলে ৫৪ তামিল মৎস্যজীবী

চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, আগের বিভিন্ন ঘটনায় গ্রেফতার হওয়া তামিলনাড়ুর মোট ৫৪ জন মৎস্যজীবী এখনও শ্রীলঙ্কার জেলে বন্দি রয়েছেন। পাশাপাশি শ্রীলঙ্কা কর্তৃপক্ষের হাতে তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২৬৪টি মাছ ধরার নৌকা আটক রয়েছে বলেও তিনি জানান।

স্থায়ী সমাধানের দাবি

মুখ্যমন্ত্রী বিজয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন করেছেন, ভারত সরকার যেন দ্রুত শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করে বন্দি মৎস্যজীবীদের মুক্তি এবং নৌকা ফেরানোর ব্যবস্থা করে।

তামিলনাড়ু সরকারের বক্তব্য, বারবার গ্রেফতার ও নৌকা বাজেয়াপ্তের ঘটনায় মৎস্যজীবী পরিবারগুলির আর্থিক ও মানসিক চাপ বাড়ছে। তাই ভারত-শ্রীলঙ্কার দীর্ঘদিনের এই মৎস্যজীবী সমস্যা সমাধানে স্থায়ী, মানবিক ও কূটনৈতিক পথ খুঁজে বের করা জরুরি।

মন্তব্যসমূহ