মুম্বই: আইপিএল-এর (IPL) মঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) শিবিরে এবার চরম অশনির সংকেত! লিগ পর্বের শেষ ম্যাচ মিটতেই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে তৈরি হল তীব্র ধোঁয়াশা। আর এই জল্পনার আগুনে ঘি ঢেলে দিলেন দলেরই ব্যাটিং কোচ তথা প্রাক্তন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড (Kieron Pollard)। রাজস্থান রয়্যালস ম্যাচের পর পোলার্ডের বিস্ফোরক স্বীকারোক্তি অধিনায়ক হার্দিককে নিয়ে দলের অন্দরে ফ্রন্টলাইন অসন্তোষ তৈরি হয়েছে।
পোলার্ডের বয়ানে বিচ্ছেদের সুর, কাঠগড়ায় হার্দিক
চলতি মরশুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে লিগ টেবিলের নবম স্থানে শেষ করেছে রোহিত শর্মাদের মুম্বই। দলের এমন জঘন্য পারফরম্যান্সের পর আর ক্ষোভ চেপে রাখেননি পোলার্ড। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "অধিনায়ক হিসেবে হার্দিককে নিয়ে আলোচনা করার অবশ্যই জায়গা রয়েছে। ও ব্যক্তিগতভাবে যতটা আশা করেছিল, ততটা ভালো করতে পারেনি। এমনকি সাপোর্ট স্টাফ হিসেবে আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটাও হয়নি। তবে এর জন্য নির্দিষ্ট কারোর দিকে আঙুল তোলা ঠিক নয়।"
পোলার্ডের এই মন্তব্যই পরিষ্কার করে দিচ্ছে যে, দল পরিচালনার পদ্ধতি থেকে শুরু করে সতীর্থদের সঙ্গে সম্পর্ক, সবক্ষেত্রেই ক্রিকেটার হার্দিককে নিয়ে মুম্বই ড্রেসিংরুমে ক্ষোভের পাহাড় জমেছে।
১২ মাসের ডেডলাইন, ব্যাপক রদবদলের ইঙ্গিত
ভবিষ্যতে কি তবে হার্দিককে ছেঁটে ফেলবে মুম্বই? এই প্রশ্নের জবাবে পোলার্ডের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "কিছু প্রশ্ন তো উঠবেই। আমাদের এবার একসঙ্গে বসে আলোচনা করতে হবে এবং দলের জন্য যেটা সেরা, সেই সিদ্ধান্তই নিতে হবে। হাতে ১২ মাস সময় রয়েছে, দেখা যাক কী হয়।" ২০২০ সালের পর থেকে ফাইনালে উঠতে না পারা মুম্বই ফ্র্যাঞ্চাইজি যে এবার অধিনায়ক বদল বা মেগা নিলামে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে, তা পোলার্ডের কথাতেই স্পষ্ট।
