নয়াদিল্লি: প্রশ্নফাঁস বিতর্কের আবহে আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে কেন্দ্র সরকার। প্রশ্নপত্র যাতে কোনওভাবেই ফাঁস না হয় এবং সুরক্ষিতভাবে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে এবার ভারতীয় বায়ুসেনাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের খবর।
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বাসভবনে এই ইস্যুতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ভারতীয় বায়ুসেনার শীর্ষ আধিকারিকেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে প্রশ্নপত্র তৈরি, ছাপানো, স্ট্রংরুমে সংরক্ষণ এবং সুরক্ষিতভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার গোটা প্রক্রিয়াটি বায়ুসেনার নিরাপত্তা বলয়ের মধ্যে আনা সম্ভব কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সূত্রের দাবি, এই বিশেষ প্রস্তাব ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই ভারতীয় বায়ুসেনা তাদের নিজস্ব নিরাপত্তা প্রোটোকল মেনে কাজ শুরু করবে। কেন্দ্রীয় প্রশাসনের একাংশের মতে, নিট ইউজি-র মতো সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের সামরিক পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা দেশে এই প্রথম হতে চলেছে।
খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই গোটা বিষয়টির উপর সরাসরি নজর রাখছেন। পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশ্নপত্র পরিবহণ সংক্রান্ত প্রতিটি আপডেট নিয়মিত প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সেই ঘটনায় দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
এনটিএ-র তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা এবং কঠোর নিরাপত্তা বিধি মেনেই এবার পুনঃপরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যতে কোনও ধরনের গাফিলতি এড়াতে কেন্দ্রীয় সরকারও এবার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।