কলকাতা: বাংলায় নতুন সরকার আসতেই একের পর এক বড় সিদ্ধান্ত। এবার রাজ্য সরকারি চাকরির নিয়োগ বিধি এবং সংরক্ষণ কাঠামোয় বড়সড় ওলটপালট ঘটিয়ে দিল শুভেন্দু অধিকারীর প্রশাসন। বিগত জমানার ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করে সোমবার এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল বর্তমান রাজ্য সরকার। শ্রম দফতরের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রাজ্যের সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণ সুনির্দিষ্টভাবে ৭ শতাংশ বলবৎ থাকবে। আর এই নতুন সমীকরণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরির জন্য তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ নতুন ‘১০০ পয়েন্ট রোস্টার’। সোমবার কলকাতা গেজেটে এই মেগা নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরই চাকরিপ্রার্থীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।
এক নজরে নতুন ১০০ পয়েন্টের নিয়োগ ছক
সোমবারের গেজেট নোটিফিকেশনে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), অর্থনৈতিকভাবে অনগ্রসর উচ্চবর্ণ (EWS), প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষণের একটি নিখুঁত গাইডলাইন স্পষ্ট করা হয়েছে৷
নতুন ১০০ পয়েন্টের ছক বা রোস্টার অনুযায়ী, যেকোনো সরকারি নিয়োগের ক্ষেত্রে একদম প্রথম শূন্যপদটি অবধারিতভাবে সংরক্ষিত থাকবে SC প্রার্থীদের জন্য। রোস্টারের ৩ নম্বর আসনটি বরাদ্দ করা হয়েছে উচ্চবর্ণের আর্থিক অনগ্রসর (EWS) প্রার্থীদের জন্য এবং ৪ নম্বর পদটি পাবেন ST প্রার্থীরা। এবারের বিজ্ঞপ্তিতে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের চাকরিতে প্রাক্তন সেনাকর্মীদের (Ex-Servicemen) জন্য নির্দিষ্ট রোস্টার পয়েন্টে চাকরি নিশ্চিত করা একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিবন্ধী কোটার জন্য পুরো রোস্টারে ৪টি আসন সংরক্ষিত থাকছে। পাশাপাশি, বাংলার কৃতী ক্রীড়াবিদদের জন্য এই নতুন রোস্টারের ৩৩ এবং ৬৬ নম্বর পয়েন্ট দুটি বিশেষভাবে তুলে রাখা হয়েছে।
কোথায় কোথায় প্রযোজ্য হবে এই নিয়ম?
নবান্ন সূত্রে খবর, নতুন এই রোস্টার ব্যবস্থা রাজ্যের সমস্ত সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত নিগম, পুরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার নিয়ন্ত্রিত সমস্ত প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে কার্যকর হবে।
শ্রম দফতরের এই নয়া নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ করা হলেও বিদ্যমান তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের যে নির্দিষ্ট শতাংশ রয়েছে, তাতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। নতুন সরকারের দাবি, বিগত জমানায় ওবিসি সংরক্ষণ ও নিয়োগ নিয়ে যে অস্বচ্ছতা এবং আইনি জট তৈরি হয়েছিল, এই নতুন ভারসাম্যযুক্ত রোস্টারের ফলে সেই মেঘ কেটে যাবে এবং মেধার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে।
