ধরমশালায় আজ গিলের সামনে ‘বিরাট’ পরীক্ষা! ‘পার্পল ক্যাপ’-এর লড়াইতে মুখোমুখি ভুবনেশ্বর-রাবাদা



কলকাতা: পাহাড়ের কোলে নৈসর্গিক সৌন্দর্য আর বাইশ গজে গতিদানবদের রাজত্ব, ভারতীয় ক্রিকেটে ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পরিচয়টাই আলাদা। যেখানে উইকেটের চরিত্র বাকি ভারতীয় মাঠগুলোর মতো স্পিন-বান্ধব নয়, বরং পেসারদের জন্য স্বর্গরাজ্য। কনকনে ঠাণ্ডা আবহাওয়ায় সুইং আর বাড়তি বাউন্সের ফায়দা তুলতে মুখিয়ে থাকেন ফাস্ট বোলাররা। আর মঙ্গলবারের এই হাই-ভোল্টেজ সন্ধ্যায়, সেই ধরমশালাতেই আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে (Qualifier 1) মুখোমুখি হচ্ছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং গুজরাট টাইটান্স (GT)।


গতি বনাম গতির লড়াই, নজরে বেগুনি টুপি

কাকতালীয়ভাবে, দুই দলেরই পেস ব্যাটারি এবার সোনায় মোড়া। আরসিবি-র ট্রাম্প কার্ড যদি হন ভুবনেশ্বর কুমার, তবে গুজরাটও তৈরি কাগিসো রাবাদাকে নিয়ে। মজার বিষয়, চলতি টুর্নামেন্টে দুজনেই ২৪টি করে উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’-এর দৌড়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। শুধু এই দুজনই নন, গুজরাটের হাতে রয়েছে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের মতো তারকা, তো আরসিবি শিবিরে ধার বাড়াচ্ছেন জশ হ্যাজেলউড ও রসিখ সালাম। দুই দলেই রশিদ খান, সুয়াশ শর্মা বা ক্রুনাল পাণ্ডিয়াদের মতো ম্যাচ জেতানো স্পিনার থাকলেও, ধরমশালার উইকেটের কারণে আজ প্রচারের আলো পুরোটাই কেড়ে নিচ্ছেন পেসাররা।


পেসারদের স্বর্গরাজ্যেও ব্যাটারদের ‘রান উৎসব’

বোলারদের জন্য সুবিধা থাকলেও, ধরমশালার আউটফিল্ড ও ছোট বাউন্ডারি ব্যাটারদেরও নিরাশ করে না। চলতি মরশুমে এই মাঠে পাঞ্জাব কিংসের তিনটি হোম ম্যাচের পরিসংখ্যান বলছে, ৬টি ইনিংসের মধ্যে ৫ বারই স্কোরবোর্ডে ২০০-র বেশি রান উঠেছে, আর একবার থমকেছে ১৯৯ রানে। ফলে আজ রান-বন্যা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


লড়াইটা একদিকে কিং বিরাট কোহলি বনাম তাঁর সুযোগ্য উত্তরসূরি শুভমান গিলের। বিরাট ১৪ ম্যাচে ৫৫৭ রান করে ছন্দে আছেন, অন্যদিকে গিল এক ম্যাচ কম খেলে ৬১৬ রান করে অরেঞ্জ ক্যাপের জোরালো দাবিদার। গিলের সঙ্গে সাই সুদর্শনের (৬৩৮ রান করে শীর্ষে) জুটিকে তো টুর্নামেন্টের সর্বকালের সেরা ওপেনিং জুটি বলে সার্টিফিকেট দিয়েছেন সুরেশ রায়না। সঙ্গে আছেন জস বাটলারও।


মিডল অর্ডার ও অভিজ্ঞতার এক্স-ফ্যাক্টর

গুজরাটের চিন্তার জায়গা তাদের মিডল অর্ডার। ঠিক উল্টো চিত্র আরসিবি-তে; ওপেনিং নিয়ে কিছুটা সমস্যা থাকলেও দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার ও ভেঙ্কটেশ আইয়ারদের নিয়ে গড়া আরসিবি-র মিডল অর্ডার কিন্তু রীতিমতো ফর্মে। শক্তির বিচারে দুই দল সমান-সমান হলেও, ধরমশালার অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে থাকবে বেঙ্গালুরু। চলতি মরশুমে এই মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে কোহলিদের। এই মাঠে শেষ ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে পরে ব্যাট করা দল। আজ যে দলই জিতবে, তারা সরাসরি আহমেদাবাদের ফাইনালের টিকিট কেটে ফেলবে।