কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে পুলিশি হানা ও সিসিটিভি মনিটর বাজেয়াপ্ত করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আদালতের দ্বারস্থ হলেন অভিষেক-পত্নী। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের কড়া নাড়লেন রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। এর আগে আদালতের অনুমতি ছাড়া তাঁর দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই আইনি জটিলতা কাটাতেই নতুন করে হাইকোর্টে আবেদন করলেন তিনি। আগামী শুক্রবার বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আদালত সূত্রে খবর, গত ২ মে এক শুনানিতে রুজিরাকে বিদেশ যাওয়ার ছাড়পত্র দেওয়া হলেও, পরবর্তীতে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তাঁর বিদেশযাত্রার ওপর কড়া লকগেট লাগিয়ে দেয়। সাফ জানানো হয়, আদালতের সবুজ সংকেত ছাড়া তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই নতুন করে এই আবেদন। রাজনৈতিক মহলের ধারণা, রুজিরার এই আবেদনের সঙ্গে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের কোনো সম্ভাবনা জড়িয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিধাননগর সাইবার থানার একটি মামলায় অভিষেককে ২৯ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিলেও, তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে স্বামী ও স্ত্রী, দুজনেরই দেশের বাইরে যাওয়ার ওপর এখন আদালতের কড়া নজরদারি।
এরই মধ্যে গত ২৫ মে বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে ৪ জন পুলিশ আধিকারিকের ‘আচমকা’ প্রবেশ ও একটি কম্পিউটার মনিটর বার করে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। একদিকে বাড়ির ভেতরে পুলিশের পা এবং অন্যদিকে রুজিরার বিদেশযাত্রার নতুন আইনি লড়াই, সব মিলিয়ে কালীঘাটের অন্দরমহলে এখন চরম অস্বস্তির মেঘ। আগামী শুক্রবার আদালত রুজিরাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
