চন্দননগর: পুলিশি ডিউটির চরম ব্যস্ততা আর অনিয়মিত লাইফস্টাইলের জেরে ভুঁড়ির বহর বাড়ছিল খাকি উর্দির নিচে। কিন্তু রাজ্যে ক্ষমতার অলিন্দ বদল হতেই পুলিশ বাহিনীকে চনমনে করতে কড়া রূপরেখা তৈরি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, আমজনতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশকে নিজেদের ফিটনেসের দিকেও নজর দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকার পরেই ঘুম ছুটেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ভুঁড়িধারী অফিসারদের। লাঠি-বন্দুক একপাশে সরিয়ে রেখে সাতসকালে ট্র্যাকসুট পরে স্টেডিয়ামে ঘাম ঝরাতে নামছেন পুলিশ কর্মীরা।
মাঠে নামলেন খোদ ডিসি, মেন্টর হলেন সোনাজয়ীরা
শুধু নির্দেশ জারি করাই নয়, এই ফিটনেস ড্রাইভকে সফল করতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন চন্দননগরের পুলিশ কর্তারা। শ্রীরামপুর স্টেডিয়ামে পুলিশ বাহিনীর এই কসরত তদারকি করতে ভোরবেলা হাজির থাকছেন খোদ ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস। পুলিশ বাহিনীকে বিজ্ঞানসম্মত উপায়ে পিটি এবং রানিং করানোর জন্য স্পেশাল মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে জাতীয় স্তরের অ্যাথলিট গোপাল রায় ও পূজা সাউকে। রবিবার ভোরে সাধারণ মানুষ যখন মাঠে হাঁটতে আসেন, তখন চেনা পুলিশ বাবুদের ৮০০ মিটার স্প্রিন্ট টানতে দেখে রীতিমতো চমকে যান অনেকেই।
সপ্তাহে ৩ দিন ৫ কিমি জগিং মাস্ট, উঠছে ক্ষোভের সুরও
নতুন গাইডলাইন অনুযায়ী, কমিশনারেটের অধীনস্থ সমস্ত থানার পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন ৫ কিলোমিটার করে মর্নিং ওয়াক বা জগিং করা বাধ্যতামূলক করা হয়েছে। রিষড়া থানার ওসি সঞ্জয় সরকার নিজে একজন পুরোদস্তুর ফুটবলার ও ক্রীড়াবিদ হওয়ায়, নিজের থানার কর্মীদের রোজ মাঠে নামিয়ে মোটিভেট করছেন।
তবে এই মেগা ফিটনেস মিশন নিয়ে বাহিনীর একাংশের মধ্যে মৃদু গুঞ্জনও শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মীর ক্ষোভ, "থানায় চব্বিশ ঘণ্টার ডিউটি, রাতে ঘুম নেই, খাওয়ার ঠিক নেই। এর ওপর মানসিক চাপের মধ্যে ভোরে ওঠা কীভাবে সম্ভব?" যদিও ডিসি অর্ণব বিশ্বাসের যুক্তি, "কাজের চাপ থাকলেও শরীরের স্বার্থে কিছুটা সময় বের করতেই হবে। এতে মন ও শরীর দুই-ই ভালো থাকবে।"
উল্লেখ্য, আগের জমানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুলিশের ভুঁড়ি নিয়ে প্রকাশ্য মঞ্চে উষ্মা প্রকাশ করেছিলেন, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তব রূপায়ন দেখা যায়নি। এবার শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতেই যেভাবে খোদ ডিসি-ওসিরা মাঠে নেমে পড়েছেন, তাতে স্পষ্ট, খাকির মেদ ছাঁটাইয়ে এবার সত্যিই সিরিয়াস নবান্ন!
