কালবৈশাখীর এন্ট্রি! এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ, কোন কোন জেলায় বৃষ্টির অ্যালার্ট?

 


কলকাতা: ঘামঝরানো অস্বস্তি আর চড়া রোদের হাত থেকে অবশেষে মিলতে চলেছে রেহাই। তপ্ত দক্ষিণবঙ্গবাসীকে চাতক পাখির মতো অপেক্ষার পালা শেষ হতে চলেছে৷ শেষমেশ বর্ষণের সুখবর শোনাল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক লহমায় ভোলবদল হতে চলেছে। প্রবল বেগে ধেয়ে আসতে পারে মরসুমের কালবৈশাখী ঝড়, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে আগামী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে স্বস্তির এই স্পেল শুরু হওয়ার আগে সোম ও মঙ্গলবার রাজ্যবাসীকে চড়া গরমে খানিকটা নাকাল হতেই হবে।

কলকাতার থার্মোমিটার কী বলছে?

আজ, সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতার রাজপথে চাঁদিফাটা রোদ। তবে মাঝেমধ্যে বয়ে যাওয়া দমকা হাওয়া কিছুটা আরাম দিচ্ছে। হাওয়া অফিস সূত্রের খবর, সোম ও মঙ্গলবার মহানগরীর পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণ সময়ের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বুধবার থেকেই কলকাতার চেনা ছবিটা বদলে যেতে পারে।


কোন কোন জেলায় ঝড়ের দাপট?

মঙ্গলবার বিকেলের পর থেকেই মূলত আবহাওয়া বিগড়াতে শুরু করবে।  সোম ও মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তীব্র তাপদাহের সতর্কতা রয়েছে। কিন্তু বুধবার থেকে পাশা উলটে যাবে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টির দাপট।


উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত লাগাতার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। আজ সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের জন্য বিশেষভাবে অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির বেগ সামান্য কমলেও সপ্তাহান্তে তা ফের বাড়তে পারে।