ভোটের দিন ছিনতাই-কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা আরমান ভোলা, রাজনৈতিক উত্তাপ হলদিয়ায়



কলকাতা: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা আরমান ভোলা গ্রেপ্তার৷ কলকাতার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, প্রথম দফার ভোটের দিন হলদিয়ার এক বাসিন্দার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে আরমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্তরা।


গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রাজারহাটে অভিযান চালিয়ে আরমানকে পাকড়াও করে তদন্তকারীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে হলদিয়া থেকেই গ্রেপ্তার করা হয় তার সহযোগী অরুণাভ কুইতিকে। বুধবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।


এই গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। হলদিয়া কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রদীপ কুমার বিজলী বিদায়ী শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “ও তো তোলাবাজ এবং তৃণমূলের আশ্রিত ডাকাত। ভোটের ফল ঘোষণার দিন থেকেই পালিয়ে ছিল। আজ ধরা পড়ায় হলদিয়ার মানুষ স্বস্তি পেয়েছে।”


তিনি আরও দাবি করেন, নতুন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “মূল মাথা ধরা পড়েছে, এবার চেলারাও ধরা পড়বে।”


যদিও বিজেপির এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, গোটা ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে হলদিয়া থানার পুলিশ।