আধার কার্ডে বড় বদল! কোন তথ্য কতবার পাল্টানো যাবে? জানাল UIDAI



 কলকাতা: প্যান কার্ডের সঙ্গে সংযোগ রক্ষা করা হোক কিংবা ব্যাঙ্কের কেওয়াইসি (KYC) জমা দেওয়া, ভারতের সাধারণ নাগরিকের প্রাত্যহিক যাপনের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে আধার কার্ড। এই নথিতে নাম বা ঠিকানার সামান্য ভুলও বড়সড় বিপত্তির কারণ হতে পারে। তবে আধার কার্ডের ভুলত্রুটি সংশোধন করার ক্ষেত্রে গ্রাহকদের খামখেয়ালিপনার দিন এবার শেষ। তথ্য জালিয়াতি ও জালিয়াতি চক্রের বাড়বাড়ন্ত রুখতে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট গাইডলাইন এবং কড়া সীমারেখা বেঁধে দিল ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)।


সীমাহীন ছাড় যেখানে

পরিযায়ী শ্রমিক বা চাকুরিজীবীদের কথা মাথায় রেখে বাসস্থানের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা রাখেনি কর্তৃপক্ষ। অর্থাৎ, ঘর বা শহর বদলালে ‘myAadhaar’ পোর্টালের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যতবার খুশি বর্তমান ঠিকানা আপডেট করা যাবে। একই নিয়ম প্রযোজ্য মোবাইল নম্বরের ক্ষেত্রেও। আধার কার্ডের সঙ্গে যুক্ত নম্বরটি হারিয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে, নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের সাহায্যে যতবার ইচ্ছা নতুন নম্বর রেজিস্টার করানো সম্ভব।


আইনি কড়াকড়ি যেখানে

তবে নাম, লিঙ্গ বা জন্মতারিখের মতো সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে UIDAI। নতুন নির্দেশিকা অনুসারে-


নামের বানান: আধার কার্ডে নিজের নামের ভুল বা পদবি জীবনে সর্বোচ্চ দু'বার সংশোধন করা যাবে।


জন্মতারিখ ও লিঙ্গ: বয়স এবং জেন্ডার পরিবর্তনের সুযোগ মিলবে জীবনে মাত্র একবার।


স্বাভাবিকভাবেই, এই তথ্যগুলি আপডেট করার সময় গ্রাহকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং সঠিক নথিপত্র আপলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরবর্তীকালে আইনি জটিলতা তৈরি হতে পারে।


সংশোধনের সরকারি ফি কত?

আধার কার্ডের যেকোনো তথ্য (ডেমোগ্রাফিক ডেটা) পরিমার্জন বা নতুন করে নথিভুক্ত করার জন্য সরকারিভাবে ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে। সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা এবং ব্যাঙ্কিং পরিষেবা সচল রাখতে কার্ডের তথ্য সবসময় নির্ভুল ও আপ-টু-ডেট রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।