২২ জুন নতুন সরকারের প্রথম বাজেট, বণিকসভার দ্বারস্থ নবান্ন


কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর এবার রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন সরকারের প্রথম আর্থিক খতিয়ান দেখার জন্য। আগামী ২২ জুন বিধানসভায় পেশ হতে চলেছে নয়া বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। নবান্ন সূত্রে খবর, আগামী ১৮ জুন থেকেই শুরু হচ্ছে এই মেগা বাজেট অধিবেশন। বিগত জমানার রেখে যাওয়া বিপুল দেনার জাঁতাকল থেকে রাজ্যকে মুক্ত করাই এখন নতুন অর্থমন্ত্রকের প্রধান চ্যালেঞ্জ। আর সেই কারণেই এবারের বাজেটে অনুৎপাদক খাতের খরচ ছঁটে থমকে থাকা পরিকাঠামো ও ভারী শিল্পের চাকা ঘোরানোর ওপরই প্রধান জোর দেওয়া হচ্ছে।


সচিবদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, বদলাচ্ছে পলিসি

নয়া জমানার এই প্রথম বাজেটকে পুরোপুরি দূরদর্শী করতে ইতিমধ্যেই নবান্নে সমস্ত দফতরের সচিবদের নিয়ে এক জরুরি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই আমলাদের স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, রাজকোষের অপচয় রুখতে হবে অবিলম্বে। কীভাবে রাজ্যের নিজস্ব আয় বাড়ানো যায় এবং সেই অর্থকে হাইওয়ে, ফ্লাইওভার ও বিদ্যুৎ প্রকল্পের মতো দীর্ঘমেয়াদী পরিকাঠামোয় বিনিয়োগ করা যায়, তার ব্লু-প্রিন্ট তৈরির কড়া নির্দেশ দিয়েছেন তিনি।


শিল্পের বিকাশ ঘটাতে বিশেষজ্ঞদের পরামর্শ

এবারের বাজেট যাতে কেবল আমলাতান্ত্রিক খসড়া হয়ে না থাকে, বরং রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে, তার জন্য এক অভিনব পদক্ষেপ করেছে নয়া সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের শীর্ষ সারির বণিকসভা (Chambers of Commerce) এবং অর্থনৈতিক থিঙ্ক-ট্যাঙ্কগুলির কাছ থেকে লিখিত প্রস্তাব ও মতামত গ্রহণ করতে হবে। কর কাঠামো সরলীকরণ এবং নতুন বিনিয়োগকারীদের টানতে এই প্রথম কর্পোরেট বিশেষজ্ঞদের মতামতকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নবান্ন।