১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু, মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা | সরকারি বাসে বিনামূল্যে সফরের ঘোষণা

 

১ জুন থেকে চালু অন্নপূর্ণা ভান্ডার

ভোটের প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ করল নতুন সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রথম ক্যাবিনেট বৈঠকের পর বড় ঘোষণা

সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভান্ডার চালুর দিনক্ষণ জানানো হয়। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটল শুভেন্দু অধিকারীর সরকার।

কারা পাবেন ৩ হাজার টাকা?

প্রশাসন সূত্রে খবর, যাঁরা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন। আপাতত নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেই জানা যাচ্ছে। ভবিষ্যতে কোনও নথি বা তথ্যের প্রয়োজন হলে সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে

শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে সফর করতে পারবেন। ভোটপ্রচারে মহিলাদের জন্য এই সুবিধার কথাও প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিল বিজেপি নেতৃত্ব।

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল। প্রথমে মাসে ৫০০ টাকা করে দেওয়া হলেও পরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বাড়ানো হয়। পূর্বতন সরকারের শেষ পর্যায়ে সাধারণ মহিলাদের জন্য মাসিক দেড় হাজার টাকা এবং তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা দেওয়া হত। এবার সেই জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হল।

পুরনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না

রাজ্যে পালাবদলের পর প্রশ্ন উঠেছিল, পূর্বতন সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি চলবে কি না। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, চালু থাকা সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হবে না। তবে প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপভোক্তারাই পান, তা নিশ্চিত করা হবে।

মহিলাদের ভোটব্যাঙ্কে বড় বার্তা?

রাজনৈতিক মহলের মতে, অন্নপূর্ণা ভান্ডার এবং সরকারি বাসে বিনামূল্যে সফরের সিদ্ধান্ত মহিলাদের জন্য নতুন সরকারের বড় বার্তা। ভোটের প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার মাধ্যমে সরকার জনমুখী প্রশাসনের ইঙ্গিত দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক

নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক ডাকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে আরও কিছু প্রতিশ্রুতি কার্যকর করার বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

মন্তব্যসমূহ