শেষ হচ্ছে বৃষ্টির স্পেল! কবে থেকে ফিরছে মে-র সেই তপ্ত দুপুর?


মে মাসের দ্বিতীয় সপ্তাহ পার হতে চললেও এখনও তপ্ত দুপুরের দেখা নেই বাংলায়। এপ্রিলের শেষ থেকে দফায় দফায় কালবৈশাখী আর বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের নিচে। তবে স্বস্তির দিন এবার ফুরোতে চলল। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।


কলকাতার আবহাওয়া:

সোমবার তিলোত্তমা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। রবিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম থাকলেও, এই আরামদায়ক মেজাজ স্থায়ী হবে আর মাত্র ৪৮ ঘণ্টা।


দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকার বাসিন্দাদের ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস।


পারদ চড়বে বুধবার থেকে:

আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও বুধবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর ফলে রোদের তেজ বাড়বে এবং তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। ফলে সপ্তাহের শেষদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম দুই-ই বাড়বে।


অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির দাপট এখনই কমছে না। তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বার্তা পরিষ্কার—হাতে থাকা দু’দিন বৃষ্টির আমেজটুকু উপভোগ করে নিন, কারণ বুধবার থেকেই ফিরছে প্যাচপ্যাচে গরম।

মন্তব্যসমূহ