বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার, বুধেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর



কলকাতা: বাংলার মা-বোনেদের জন্য অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! মেগা প্রশাসনিক বৈঠক করতে মঙ্গলবার কল্যাণী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে বেরিয়েই রাজ্যের নারীশক্তির জন্য এক ঐতিহাসিক ঘোষণা করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ করার অফিশিয়াল কাউন্টডাউন শুরু হয়ে গেল। আগামীকাল, বুধবার বিকেলবেলা নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মেগা প্রকল্পের ফর্ম প্রকাশ করবেন। নতুন নিয়মে ৩,০০০ টাকা পেতে গেলে এই ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক।


পয়লা জুন থেকেই মিলবে ৩,০০০ টাকা!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাঠানো শুরু হবে। তবে তার আগে ফর্ম পূরণের প্রক্রিয়াটি সারতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আগামীকালই এই বিষয়ে নবান্ন থেকে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে। এনরোলমেন্ট বা ফর্ম পূরণ যত দ্রুত করবেন, তত তাড়াতাড়ি আমরা এই প্রকল্পের আর্থিক সুবিধা দিতে পারব। যেমন যেমন ফর্ম ফিলাপ সম্পন্ন হবে, ঠিক তেমন ভাবেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ট্রান্সফার করা শুরু হয়ে যাবে।”


টাকা না পাওয়া পর্যন্ত বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার

প্রকল্পের নাম বদল হলেও মা-বোনেদের আর্থিক সুরক্ষায় যাতে কোনও ছেদ না পড়ে, তার জন্য এক বড়সড় রক্ষাকবচ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, নতুন ফর্ম ফিলাপ করে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু না হওয়া পর্যন্ত, পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলারা প্রতি মাসে নিয়ম মেনেই পেতে থাকবেন। অর্থাৎ, একটা মাসের জন্যও টাকা পাওয়া বন্ধ হবে না।


কারা পাবেন এই টাকা? বাদ পড়াদের জন্য কী নিয়ম?

নবান্ন সূত্রে খবর, যাঁরা ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা প্রত্যেকেই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। তবে পূর্ববর্তী জমানায় যাঁদের নাম কোনও কারণে তালিকা থেকে বাদ গিয়েছিল, তাঁদের ক্ষেত্রে ভোটার লিস্ট ধরে পুনরায় স্ক্রুটিনি বা যাচাই করা হবে। তবে যে সমস্ত উপভোক্তাদের নাম বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁরাও আপাতত এই টাকা পাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।


ইতিমধ্যেই নতুন নিয়মে টাকা পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে DBT (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার) অপশন লিঙ্ক করানোর জন্য মহিলাদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। তার মাঝেই আগামীকাল বিকেলে প্রকাশিত হতে চলা এই নতুন ফর্মকে ঘিরে বাংলার ঘরে ঘরে এখন তুমুল শোরগোল।