Howrah Station Bulldozer Operation: রাতেই হাওড়া স্টেশনে বুলডোজার, বেআইনি দোকান উচ্ছেদে RPF-এর বড় অভিযান

Author
By Bapan Biswas
Published:
Follow Us

 

Howrah Station bulldozer operation RPF removes illegal shops outside station at night

হাওড়া স্টেশনের বাইরে রাতেই বড় উচ্ছেদ অভিযান

হাওড়া স্টেশন চত্বরে রাতেই চলল বড় উচ্ছেদ অভিযান। আগেই নোটিস ধরানো হয়েছিল বলে দাবি রেল পুলিশের। এরপর শনিবার রাতে বুলডোজার নামিয়ে হাওড়া স্টেশনের বাইরে ফুটপাত ও রাস্তার ধারে থাকা একাধিক অস্থায়ী দোকান ও ডালা সরিয়ে দেওয়া হয়।

রেল পুলিশের দাবি, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা চলছিল বলে অভিযোগ। ফলে যাত্রীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল।

‘এখানে কোনও নাটক হচ্ছে না’—মাইকে কড়া বার্তা পুলিশের

উচ্ছেদ অভিযান দেখতে হাওড়া স্টেশন চত্বরে ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছিল কড়া অ্যাকশনে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাঁদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।”

এই বার্তার পরও স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে গোটা এলাকা পরিষ্কার করা হয়।

১৫০-র বেশি অবৈধ দোকান ভাঙার খবর

খবর অনুযায়ী, বুলডোজার দিয়ে ১৫০-র বেশি অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে। অভিযানের সময় প্রচুর পুলিশ, GRP এবং RPF মোতায়েন ছিল।

যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরে ডালা সাজিয়ে বসতেন, তাঁদের অনেককেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বেশ কিছু অস্থায়ী দোকানও ভেঙে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, আগের দিন নোটিস দেওয়া হয়েছিল

ফুটপাতের ব্যবসায়ীদের একাংশের দাবি, রেলের তরফে একদিন আগেই জায়গা ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল। এরপরই শনিবার রাতের এই অভিযান শুরু হয়। অনেকেই দ্রুত নিজেদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হন।

তবে হঠাৎ উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া এমন অভিযান হলে বহু মানুষের রুজিরুটি সমস্যায় পড়বে।

যাত্রীদের সুবিধার জন্য অভিযান, দাবি রেলের

রেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ যাত্রীদের সুবিধার জন্যই হাওড়া স্টেশন চত্বর দখলমুক্ত করা হচ্ছে। স্টেশনের বাইরে ভিড়, ডালা, অস্থায়ী দোকান ও ফুটপাত দখলের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছিল।

যাত্রীদের একাংশও এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, স্টেশন চত্বর পরিষ্কার থাকলে যাতায়াত অনেক সহজ হবে। তবে ব্যবসায়ীদের পুনর্বাসন নিয়েও প্রশ্ন উঠছে।

এই খবরটি শেয়ার করুন
Facebook WhatsApp X

মন্তব্যসমূহ