নিট-এ বড়সড় জালিয়াতি? ফাঁস হওয়া ‘গেজ পেপার’ থেকেই এল ১৪০ প্রশ্ন!
২০২৪ সালের সেই অভিশপ্ত স্মৃতিই কি ফিরে আসছে ২০২৬-এ? নিট (NEET UG) পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—পরীক্ষার অন্তত ৪৮ ঘণ্টা আগে রাজস্থানের সিকরে হাতে লেখা যে ‘গেজ পেপার’ চড়া দামে বিক্রি হচ্ছিল, তার সঙ্গে মূল প্রশ্নপত্রের ১৪০টি প্রশ্নের হুবহু মিল পাওয়া গিয়েছে।
৬০০ নম্বরের প্রশ্ন ‘কমন’!
তদন্তকারীরা জানিয়েছেন, ওই হাতে লেখা প্রশ্নপত্রে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা মিলিয়ে মোট ৩০০টি প্রশ্ন ছিল। ৩ মে পরীক্ষা শেষে দেখা যায়, তার মধ্যে ১৪০টি প্রশ্ন মূল প্রশ্নপত্রের সঙ্গে একেবারে এক। এমনকি উত্তরের অপশনগুলোর ক্রম পর্যন্ত বদলানো হয়নি। ৭২০ নম্বরের পরীক্ষায় প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন পরীক্ষার আগেই বাইরে চলে আসায় মেধা তালিকায় এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
২ লক্ষ টাকা পর্যন্ত বিকিয়েছে প্রশ্ন:
তদন্তে জানা গেছে, গত ১ মে সিকরে প্রথম এই নথিটি আসে। শুরুতে একেকজন পরীক্ষার্থীর কাছে ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত দামে এটি বিক্রি করা হয়েছিল। পরীক্ষার আগের রাতে এক একটি কপির দাম দাঁড়ায় ৩০ হাজার টাকা। মেসেজিং অ্যাপের মাধ্যমে এই প্রশ্নপত্রটি কয়েক হাজার পড়ুয়ার কাছে পৌঁছে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে নেমে কেরলের এক মেডিকেল ছাত্রের হদিস পেয়েছে পুলিশ, যে প্রথম এই প্রশ্নপত্রটি রাজস্থানে পাঠায়।
অপেক্ষায় এনটিএ:
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, রাজস্থান পুলিশের তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। ২০২৪-এর প্রশ্ন ফাঁস ও অনিয়ম নিয়ে দেশজুড়ে যে আন্দোলনের আগুন জ্বলেছিল, ২০২৬-এর এই ঘটনা সেই বিতর্ককে আবার নতুন মাত্রা দিল। লক্ষ লক্ষ যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন রাজস্থান এসওজি-র তদন্ত রিপোর্টের ওপর ঝুলে রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন