দপ্তরের ভোল বদলাতে কড়া বার্তা নয়া মন্ত্রীদের, দায়িত্ব নিয়েই জ়িরো টলারেন্স ঘোষণা দিলীপ-অগ্নিমিত্রাদের
দায়িত্ব নিয়েই কড়া বার্তা নতুন মন্ত্রীদের
নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিয়েই দপ্তরের কাজকর্মে বড় বদলের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। দুর্নীতি, অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নিয়ে এগোনোর বার্তা দিলেন তাঁরা। নতুন পাঁচ মন্ত্রীর দপ্তর বণ্টনের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
| Image Credit : ANI |
পঞ্চায়েত দপ্তরে ফিল্ডে নামার বার্তা দিলীপ ঘোষের
পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষ জানান, তিনি শুধু ঠান্ডা ঘরে বসে দপ্তর চালাবেন না। মাঠে নেমে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা হবে। দপ্তরের কর্মী-সংকট, দীর্ঘদিন নিয়োগ না হওয়া এবং কাজের সমস্যা নিয়েও তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
দিলীপ ঘোষের কথায়, পঞ্চায়েতে কী কী সমস্যা রয়েছে, কোথায় অনিয়ম হয়, তা বুঝে নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে। তাঁর ইঙ্গিত, পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা আনাই এখন বড় লক্ষ্য।
নারী নিরাপত্তায় জ়িরো টলারেন্স, জানালেন অগ্নিমিত্রা পাল
নারী ও শিশুকল্যাণ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রথম কাজ। দল-মত নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেন তিনি।
অগ্নিমিত্রা জানান, মহিলাদের নির্যাতনের অভিযোগে থানায় এফআইআর না নেওয়ার মতো ঘটনা আর চলবে না। যে কোনও থানায় জ়িরো এফআইআর করার ব্যবস্থা থাকবে বলেও তিনি দাবি করেন।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানান, আগামী ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে উপভোক্তাদের নাম যাচাই করা হবে।
যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, মৃত উপভোক্তা বা নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন রয়েছে—এমন ক্ষেত্রে তালিকা খতিয়ে দেখার কথা জানান তিনি। তবে এই বিষয়ে আইনগত প্রশ্নও উঠছে, কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কোনও ব্যক্তিকে সরাসরি অ-নাগরিক বলা যায় না—এমন পর্যবেক্ষণ আগেই আদালতের তরফে উঠে এসেছে।
রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছনোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া দায়িত্ব নিয়ে রেশন দুর্নীতি নিয়ে কড়া অবস্থানের কথা জানান। তাঁর দাবি, রেশন ব্যবস্থায় যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উন্নত মানের খাদ্যসামগ্রী পাবেন। একই সঙ্গে তাঁর বার্তা, সরকারি সুবিধা প্রকৃত উপভোক্তার কাছেই পৌঁছবে।
ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে কড়া অবস্থান ক্ষুদিরাম টুডুর
আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর জাতি কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহার করে যাঁরা সরকারি সুবিধা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন শংসাপত্র বাতিল করার হুঁশিয়ারিও দেন তিনি।
নতুন মন্ত্রীদের এই বার্তা থেকেই স্পষ্ট, প্রশাসনিক দপ্তরগুলিতে স্বচ্ছতা, মাঠপর্যায়ের নজরদারি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান—এই তিন দিকেই জোর দিতে চাইছে নতুন সরকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন