নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন শুভেন্দু, আয়ুষ্মান ভারত থেকে চাকরিতে বয়সছাড়—একগুচ্ছ বড় সিদ্ধান্ত
নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক
সোমবার নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই একগুচ্ছ প্রশাসনিক ও জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক-সহ নবনিযুক্ত মন্ত্রীরা। তবে এখনও দফতর বণ্টন হয়নি।
নবান্নে গার্ড অফ অনার
নবান্নে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
“এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে”
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের নতুন যাত্রা শুরু হয়েছে। তাঁর কথায়, এই সরকার মানুষের আস্থা, নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বাবাসাহেব অম্বেডকরের গণতান্ত্রিক আদর্শ অনুসরণের কথাও উল্লেখ করেন।
আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ
প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত হিসেবে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষকে সুবিধা দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
চালু হবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বৃদ্ধি
চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া ব্যাহত থাকায় বহু শিক্ষিত যুবক-যুবতীর বয়স পেরিয়ে গিয়েছে। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
BSF-কে জমি দেবে রাজ্য
সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে BSF-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
জনগণনা সংক্রান্ত নির্দেশ কার্যকর
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জনগণনা সংক্রান্ত নির্দেশ দীর্ঘদিন কার্যকর করা হয়নি। বর্তমান সরকার সেই প্রশাসনিক নির্দেশ অবিলম্বে কার্যকর করছে।
BNS-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ
ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই রাজ্যে নতুন আইনি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ নয়
চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান, অ-ভারতীয় বা মৃত কেউ যেন কোনও প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করা হবে।
আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক
মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার মন্ত্রিসভার আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকে আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা এবং এরিয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।
দিনভর প্রশাসনিক বৈঠক
প্রথম ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি এদিন নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলাশাসক, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজের গতি নিয়ে আলোচনা হওয়ার কথা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন