আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক, গার্ড অফ অনার থেকে DM-SP বৈঠক—ঠাসা কর্মসূচি
আজ নবান্নে নতুন সরকারের প্রথম বড় দিন
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই নবান্ন সভাঘর ঘিরে সাজো সাজো রব। নতুন মন্ত্রীদের নিয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে।
নবান্নে যাওয়ার আগে রাজনৈতিক বৈঠক
নবান্নে যাওয়ার আগে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার কথা শুভেন্দু অধিকারীর। সেখানে দু’জনের মধ্যে বৈঠক হতে পারে। এরপর দলীয় কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তারপরই নবান্নের উদ্দেশে রওনা দেবেন তিনি।
কখন কী কর্মসূচি?
সকাল সাড়ে ৯টা নাগাদ নবান্নে শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ১১টায় নতুন মন্ত্রীদের নিয়ে হবে প্রথম ক্যাবিনেট বৈঠক। সূত্রের খবর, আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প, প্রশাসনিক কাজের গতি এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
বিধায়ক, জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক
ক্যাবিনেট বৈঠকের পরেও দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিকেল ৩টে নাগাদ নবান্ন সভাঘরে বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা। এরপর বিকেল ৪টে থেকে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। বিকেল ৫টা নাগাদ রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, সিপি এবং এসপিদের নিয়েও বৈঠকে বসবেন শুভেন্দু।
আইনশৃঙ্খলা ও প্রশাসনে কড়া বার্তার সম্ভাবনা
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নজর রাজনৈতিক মহলের। জেলা প্রশাসন, পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাই এখন বড় প্রশ্ন। প্রশাসনিক স্তরে দ্রুত কাজের নির্দেশ আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
আপ্তসহায়ক খুনের তদন্তেও বড় মোড়
এদিকে, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই শার্প শুটার বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত নিয়েও প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ছে।
বাসভবন বদলাচ্ছেন শুভেন্দু?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনও বদলাতে পারে। এবার থেকে আলিপুরের ‘সৌজন্য’-তে থাকতে পারেন তিনি। তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া এই সরকারি অতিথিশালাই নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন