ঢাকা: বাংলাদেশে শিশুদের মধ্যে হামের (Measles) প্রাদুর্ভাব ক্রমেই মহামারি আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে দেশে আরও ৮টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশজুড়ে নতুন করে আরও ৯৪ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) নিয়মিত বুলেটিনে এই উদ্বেগের খবর জানানো হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব-পরীক্ষিত হামের সংক্রমণে ৯২ জন প্রাণ হারিয়েছেন। এর বাইরে হামের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫হত ৪৭ জন। সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জনে। ভৌগোলিক হিসেবে সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানীর। মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ২২৯টি শিশুমৃত্যু রেকর্ড হয়েছে ঢাকা বিভাগে। দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী বিভাগে প্রাণ হারিয়েছে ৮৬ জন।
আক্রান্তের পাশাপাশি দেশের হাসপাতালগুলিতেও রোগীর ভিড় উপচে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ৯৪৫ জন মানুষ হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য এসেছেন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রোগী ভর্তির ক্ষেত্রেও শীর্ষে ঢাকা। রাজধানীর হাসপাতালগুলিতে একদিনেই রেকর্ড ৩১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যেখানে রংপুর বিভাগে এই সংখ্যাটি ছিল সবচেয়ে কম, মাত্র ১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,০২৯ জনে। এর মধ্যে ৯,৯২৭ জনের শরীরে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাকরণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।