১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য; মন্দির নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari makes big announcements on World Environment Day
 বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নলবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, পরিবেশ ও অরণ্য রক্ষা আগামী দিনে সরকারের অন্যতম অগ্রাধিকার হবে। হাসপাতাল, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা

অনুষ্ঠান থেকে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির আদলে রাজ্যজুড়ে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, আগামী দিনে রাজ্যে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রশাসনকে নির্দেশ দেন, শুধু বৃক্ষরোপণ নয়, চারাগুলির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে যাতে সেগুলি ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়। ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির পরিচ্ছন্নতা নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, কালীঘাট, দক্ষিণেশ্বর এবং গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বাইরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ নজর দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যে মোদীর ২ দিনের মেগা সফর! তারকেশ্বরে জনসভা, কলকাতায় যোগাভ্যাস, রইল সম্পূর্ণ সূচি

বাধ্যতামূলক বৃক্ষরোপণ ও 'স্বচ্ছ অ্যাপ'

এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অনিয়ন্ত্রিত নগরায়ণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, সবুজের বদলে কংক্রিটের বিস্তার ঘটেছে। সেই পরিস্থিতি বদলাতে ভবিষ্যতে আবাসন প্রকল্প, শিল্পাঞ্চল, সরকারি পরিকাঠামো এবং জাতীয় ও রাজ্য সড়ক নির্মাণের ক্ষেত্রে প্রকল্প এলাকার অন্তত এক-তৃতীয়াংশ অংশে বাধ্যতামূলকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুলে ‘ইকো ক্লাব’ গঠনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সক্রিয় ইকো ক্লাব পরিচালনাকারী স্কুলগুলিকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। রাজ্যকে আরও পরিচ্ছন্ন রাখতে শীঘ্রই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কোথাও আবর্জনা বা নোংরা দেখতে পেলে ছবি তুলে পাঠাতে পারবেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সেই স্থান পরিষ্কার করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।