কলকাতা: মেসি-কাণ্ডের তদন্ত ঘিরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রাজনৈতিক ও আইনি চাপ আরও বেড়ে গেল। সোমবার কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেও কোনও অন্তর্বর্তী সুরক্ষা পাননি তিনি। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত প্রক্রিয়া মেনেই মামলার শুনানি হবে এবং বিশেষ অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই।
থানায় হাজিরা এড়ালেন প্রাক্তন মন্ত্রী
অন্যদিকে, তদন্তের স্বার্থে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছিলেন অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি থানায় উপস্থিত হননি। এর ফলে তদন্তে অসহযোগিতার অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করছে তদন্তকারী মহল।
হাইকোর্টে খারিজ জরুরি শুনানির আর্জি
আদালতে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং তাঁর ভাইয়ের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসেরও গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই দ্রুত শুনানি এবং আইনি সুরক্ষার আবেদন জানানো হয়েছিল। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, গ্রেফতারির আশঙ্কা থাকলে উপযুক্ত ফৌজদারি বেঞ্চে গিয়ে আইনি প্রতিকার চাওয়া যেতে পারে। বর্তমান আবেদনের ভিত্তিতে জরুরি শুনানির প্রয়োজনীয়তা তিনি দেখেননি।
বাড়ছে আইনি চাপ ও কড়া পদক্ষেপের সম্ভাবনা
তদন্তকারীদের দাবি, এর আগে সমন জারি করার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর বাসভবনেও নোটিস পৌঁছে দেওয়া হয়েছিল। তারপরও তিনি হাজিরা না দেওয়ায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, তদন্তের অগ্রগতি নিশ্চিত করতে পুলিশ শীঘ্রই আরও কড়া আইনি ব্যবস্থা নিতে পারে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, আদালতে স্বস্তি না মেলা এবং পরপর দু’বার হাজিরা এড়িয়ে যাওয়ার ঘটনা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফলে আগামী কয়েকদিনে এই মামলায় নতুন কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
দেশ, রাজ্য এবং রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ এবং নির্ভুল খবর সবার আগে পড়তে চোখ রাখুন Starflix Bengali News-এর পাতায়।