'চুক্তি চূড়ান্ত হওয়ার দোরগোড়ায়'! মার্কিন শান্তি চুক্তি নিয়ে বড় বার্তা দিল ইরান | Iran US Peace Deal

Iran foreign minister Seyed Abbas Araghchi says Islamabad MoU peace deal is never been closer
'ইসলামাবাদ মেমোরান্ডাম' নিয়ে এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

তেহরান: আমেরিকার সঙ্গে শান্তি চুক্তির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইরান! আন্তর্জাতিক মহলে জোর জল্পনার মাঝেই এবার 'ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং' (MoU) নিয়ে মুখ খুললেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তাঁর স্পষ্ট দাবি, এই মেমোরান্ডাম বা প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত হওয়ার এতটা কাছাকাছি আগে কখনও আসেনি।

জল্পনা এড়াতে কড়া বার্তা বিদেশমন্ত্রীর

শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্ট করে আরাগচি লেখেন, "ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত হওয়ার এর আগে এতটা কাছাকাছি আমরা আসিনি। তবে এটি পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে খামোখা জল্পনা-কল্পনা থেকে বিরত থাকা।" চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে এই শীর্ষ ইরানি কূটনীতিক আরও জানান, সময় হলে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চুক্তির সমস্ত খুঁটিনাটি তথ্য জনগণের সামনে প্রকাশ্যে আনা হবে।

কী আছে এই চুক্তিতে? তুঙ্গে আন্তর্জাতিক নজরদারি

আরাগচির এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে ইরানকে নিয়ে তীব্র কূটনৈতিক তৎপরতা চলছে। তবে ইরান বা এই প্রস্তাবিত চুক্তির সঙ্গে যুক্ত অন্য কোনও পক্ষই এখনও পর্যন্ত এর নির্দিষ্ট শর্তাবলি প্রকাশ্যে আনেনি। রুদ্ধদ্বার বৈঠক শেষে ঠিক কী সিদ্ধান্ত হতে চলেছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সব পক্ষই।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশমন্ত্রীর এই মন্তব্য থেকেই পরিষ্কার যে, দীর্ঘদিনের এই আলোচনা এখন একটি চূড়ান্ত এবং নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে। তবে যতক্ষণ না সবকিছু খাতায়-কলমে সই হচ্ছে, ততক্ষণ এই চুক্তির সময়সীমা এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে এর প্রভাব নিয়ে ধোঁয়াশা বজায় থাকছেই।

এই খবরটি শেয়ার করুন