সাতসকালে শওকত মোল্লার বাড়িতে NIA, তল্লাশি শুরুর আগেই পলাতক প্রাক্তন বিধায়ক


 

ভাঙড়: বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক দল একযোগে ভাঙড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তদন্তের সূত্র ধরে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতেও হানা দেন এনআইএ আধিকারিকরা।


সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শওকত মোল্লার বাড়ি ঘিরে ফেলেন তদন্তকারীরা। তবে এনআইএ-র দল পৌঁছনোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে। পরে তাঁর ছেলে ইমরান মোল্লার উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। একই সময়ে শওকত মোল্লার দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়।


তদন্তকারী সংস্থার আরেকটি বিশেষ দল মৌখালিতে ইমরান মোল্লার একটি ক্যাফেতেও অভিযান চালায় বলে সূত্রের দাবি। সেখানে বেশ কিছু নথি এবং তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে। যদিও এনআইএ-র তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।


প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন একাধিক মানুষ। ঘটনার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ।


সম্প্রতি ওই মামলায় তদন্তের অগ্রগতি ঘটিয়ে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই গ্রেফতারের পর থেকেই বিস্ফোরণ-কাণ্ডে জড়িতদের খোঁজে তৎপরতা আরও বাড়ানো হয়। বৃহস্পতিবারের অভিযানকে সেই তদন্তেরই গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করা হচ্ছে।


শুধু শওকত মোল্লার বাড়ি বা দলীয় কার্যালয় নয়, এদিন বামুনিয়া এলাকার একাধিক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও পৌঁছয় এনআইএ-র দল। বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।


তদন্তকারী মহলের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এলাকায় ভয় ও অস্থিরতার পরিবেশ তৈরি করতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল এবং এর নেপথ্যে বৃহত্তর কোনও চক্র কাজ করছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।


এনআইএ-র এই সমন্বিত অভিযানের ফলে ভাঙড় জুড়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহল—সবারই। আগামী দিনে এই মামলায় আরও গ্রেফতারি বা নতুন তথ্য সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।