ফিফা বিশ্বকাপে এবার বাঙালির সুর! শাকিরা-কেটি পেরির সাথে উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন বাংলাদেশের সঞ্জয়

Bangladeshi Origin DJ Sanjoy in FIFA World Cup 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই পর্দা উঠতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। তবে খেলা শুরুর আগেই এক নজিরবিহীন ইতিহাস গড়ে ফেললেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সঙ্গীতশিল্পী সঞ্জয়। আমেরিকার মাটিতে বসা এবারের বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অন্যতম প্রধান শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও বিশ্বের তাবড় তারকাদের সাথে মেগা লাইভ পারফর্ম করতে দেখা যাবে তাঁকে।

কী লিখলেন গর্বিত সঞ্জয়?

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে এই আকাশছোঁয়া সাফল্যের খবর শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন সঞ্জয়। তিনি লিখেছেন, “আজ অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামের একজন শিল্পী। অনেক দিন ধরেই এই বিশেষ মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হতে হতে সবসময় স্বপ্ন দেখতাম, এমন কিছু তৈরি করার, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এবং সেরা সাউন্ডট্র্যাকের অংশ হবে। আজ সেই স্বপ্ন সত্যি হলো।”

আরও পড়ুন: কাঁচরাপাড়ার স্কুলে মিলল টাকার পাহাড়! উদ্ধার ১ কোটি ৭৭ লক্ষ নগদ ও কন্ডোমের প্যাকেট

শাকিরা থেকে কেটি পেরি, বিশ্ব তারকাদের সাথে এক কাতারে

এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে সঞ্জয়ের পাশাপাশি থাকছেন বিশ্ব সঙ্গীতের মেগা তারকারা। এই তালিকায় রয়েছেন দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমার মতো কিংবদন্তিরা। যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক পারফর্মারদের যে চূড়ান্ত তালিকা ফিফা প্রকাশ করেছে, সেখানে জায়গা করে নিয়েছেন এই বাঙালি তরুণ। উদ্বোধনী মঞ্চে পপ কুইন কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কের বিশ্বখ্যাত তারকা লিসার সাথে সুরের ঝড় তুলবেন তিনি।

শ্রীমঙ্গল থেকে আমেরিকার সান হোসে, এক রূপকথার সফর

সঞ্জয়ের এই বিশ্বজয়ের শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে বাংলাদেশেই। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি সপরিবারে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সঞ্জয়ের পরিবারে সঙ্গীতের চর্চা দীর্ঘদিনের; তাঁর মা ও দিদিমা দুজনেই সঙ্গীতশিল্পী ছিলেন। বহুমাত্রিক সংস্কৃতির মেলবন্ধনে তৈরি সঞ্জয়ের গান এবার কাঁপাবে ফুটবল বিশ্বকাপের গ্যালারি। বিশ্বমঞ্চে এক বাঙালির এমন মহাজাগতিক সাফল্যে ওপার বাংলা জুড়ে এখন চরম উন্মাদনা আর গর্বের জোয়ার।

এই খবরটি শেয়ার করুন