গঙ্গাবক্ষে ম্যাজিক! এবার কলকাতায় ‘ওয়াটার মেট্রো’! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Kolkata Water Metro Project announcement at Nabanna
কোচিন ওয়াটার মেট্রোর ধাঁচে এবার কলকাতাতেও শুরু হতে পারে আধুনিক জলপথ পরিবহণ।

কলকাতা: সড়কপথ, রেলপথ এবং পাতাল রেলের পর এবার গঙ্গার বুকেও ছুটতে পারে আধুনিক ‘ওয়াটার মেট্রো’। কলকাতার জলপথ পরিবহণকে আরও দ্রুত, আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গে ওয়াটার মেট্রো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।


মুখ্যমন্ত্রীর কথায়, “ওয়াটার মেট্রো প্রকল্পে আমরা যুক্ত হচ্ছি। কেরলের কোচি শহরে এই পরিষেবা যেভাবে সফল হয়েছে, সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই কলকাতায় জলপথে আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।”


নবান্ন সূত্রে খবর, কোচি ওয়াটার মেট্রোর ধাঁচে কলকাতাতেও ব্যাটারি-চালিত ও পরিবেশবান্ধব ‘ইলেকট্রিক হাইব্রিড বোট’ ব্যবহার করা হতে পারে। এই জলযানগুলি একদিকে যেমন দ্রুত যাতায়াতের সুবিধা দেবে, অন্যদিকে তেমনই পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষজ্ঞ সংস্থাগুলিও দাবি করেছে, এই প্রকল্পের ফলে গঙ্গার বাস্তুতন্ত্রের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।


প্রশাসনের মতে, গঙ্গার দুই তীরকে আরও কার্যকরভাবে যুক্ত করতে পারলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হবে। বিশেষ করে শহরের ব্যস্ত সড়কগুলিতে যানজট কমানো, দূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রীদের দ্রুত ও স্বল্প ব্যয়ে যাতায়াতের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে ওয়াটার মেট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


দেশের প্রথম মেট্রো রেলের শহর কলকাতা এবার জলপথ পরিবহণেও নতুন ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।