ষষ্ঠবার ফুটবলের মহাযজ্ঞে LM10! চোটের মেঘ কাটিয়ে মেসির কাঁধেই বিশ্বকাপের ভার



 বুয়েনস আইরেস: একটা সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েও ফিরে এসেছিলেন, আর গত বছরই রাজপুত্রের মতো উঁচিয়ে ধরেছেন অধরা সোনালী ট্রফি। কিন্তু গত বছরের শেষদিক থেকেই বিশ্বজুড়ে একটা জল্পনা হু হু করে ছড়াচ্ছিল, মেসি নাকি আর বিশ্বকাপে নামবেন না! খোদ এলএমটেন-ও (LM10) এই নিয়ে মুখে কুলুপ আঁটায় রহস্য দানা বেঁধেছিল। তার ওপর দিনকয়েক আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আচমকা চোট পেয়ে মেসির মাঠ ছাড়া ভক্তদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভক্তদের সেই সব রাতের ঘুম ওড়ানো আশঙ্কার অবসান ঘটল। স্কালোনির স্কোয়াডে মেসি শুধু ফিরলেনই না, বরং এবার মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডও গড়ে ফেলবেন তিনি।


কাতার জয়ীদের প্রাধান্য, নেই ডি’মারিয়া

কোচ স্কালোনির ঘোষিত এই ২৬ জনের দলে কাতার বিশ্বকাপের ট্রফি জয়ী দলের ছোঁয়া রয়েছে স্পষ্ট। ফাইনালে টাইব্রেকারে ‘সুপারহিরো’ হয়ে ওঠা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ-সহ গতবারের বিশ্বজয়ী দলের ১৭ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন। তবে ফুটবলপ্রেমীদের মন খারাপ করিয়ে এবারের স্কোয়াডে নেই কাতারের ফাইনালের অন্যতম গোলদাতা অ্যাঞ্জেল ডি’মারিয়া, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে তারুণ্যের দমক দিতে দলে সুযোগ পেয়েছেন ভ্যালেনটিন বারকো, নিকোলাস পাজ এবং গিলিয়ানো সিমিওনের মতো একঝাঁক নতুন মুখ।


আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার অভিযান শুরু করছে আর্জেন্টিনা। এই গ্রুপে লা অ্যালবিসলেস্তেদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান এবং অস্ট্রিয়া।