গুজবে কান নয়! ফর্ম পূরণ করাতে সরকারি লোক যাবে বাড়ি বাড়ি’, বড় বার্তা মুখ্যমন্ত্রী



কলকাতা: অনলাইনে ও অফলাইনে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম প্রকাশ পেতেই রাজ্যজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। নাম, ঠিকানা, জন্ম তারিখের পাশাপাশি গোটা পরিবারের তথ্য, বাড়ি-জমির মালিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন আইডি থেকে শুরু করে সন্তানের স্কুলের নাম পর্যন্ত জানতে চাওয়া হচ্ছে এই ফর্মে। এতসব তথ্য দিতে গিয়ে আমজনতার মনে প্রশ্ন জেগেছে, এই সব তথ্য দিলে আদৌ টাকা মিলবে তো?


শনিবার মহিলাদের এই উদ্বেগ দূর করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “কেউ বিচলিত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। ফর্ম পূরণ করতে অসুবিধা হলে আমাদের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবে।” তাঁর সাফ কথা, প্রকৃত ও যোগ্য আবেদনকারীরা যাতে এই ভাতার টাকা পান, সেই দায়িত্ব সম্পূর্ণ সরকারের।


কেন এত তথ্যের খাঁদ? খোলসা করল সরকার

আবেদনকারীদের মনে জমতে থাকা বিভ্রান্তি দূর করতে রাজ্য সরকারের তরফ থেকে আসল কারণ স্পষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বহু অযোগ্য উভোক্তা যেমন টাকা পাচ্ছিলেন, তেমনই অনেক পুরুষ উপভোক্তার নামও খুঁজে পেয়েছে বর্তমান সরকার। এর পাশাপাশি প্রতিটি উপভোক্তা যাতে প্রকৃত ভারতীয় নাগরিক হন, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।


অন্যদিকে, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এই ১২ পাতার ফর্মে সংগৃহীত তথ্য কেবল অন্নপূর্ণা যোজনাতেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে রাজ্যের মানুষেরা যাতে অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির সুবিধা অনায়াসে পেতে পারেন, সেই ডেটাবেস তৈরি করতেই এই আগাম তথ্য সংগ্রহ।