শুভেন্দুর আপ্তসহায়ক খুনে ‘বিগ ব্রেক’! উত্তরপ্রদেশ থেকে ধৃত ৩ শার্প শুটার

 


কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল সিআইডি। উত্তরপ্রদেশ থেকে তিন ভাড়াটে শার্প শুটারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। রবিবার রাতেই তাদের কলকাতায় নিয়ে আসা হয়। সোমবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হচ্ছে।


নেপথ্যে ডিজিটাল ট্রেইল:

তদন্তে নেমে সিআইডি ও এসটিএফের হাতে এসেছিল একটি বড় ক্লু। জানা যায়, খুনের পর পালিয়ে যাওয়ার সময় বালি টোল প্লাজায় ‘ইউপিআই’ (UPI) পেমেন্টের মাধ্যমে টাকা মিটিয়েছিল আততায়ীরা। এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তাদের অবস্থান শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে উত্তরপ্রদেশে হানা দিয়ে তিন শার্প শুটারকে জালে তোলেন গোয়েন্দারা।


নৃশংস হত্যাকাণ্ড ও পেশাদার ছক:

গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর যখন শুভেন্দু অধিকারীর শপথের প্রস্তুতি চলছিল, ঠিক তার আগের রাতে অর্থাৎ ৬ মে মধ্যমগ্রামে আক্রান্ত হন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর চারটি গুলি চালানো হয়। তদন্তে জানা গিয়েছে, এই অপারেশনের জন্য জাল নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ওএলএক্সে (OLX) শিলিগুড়ির এক বাসিন্দার গাড়ির বিজ্ঞাপন দেখে সেই নম্বর নকল করে প্লেট তৈরি করেছিল দুষ্কৃতীরা।


তদন্তকারীদের নজরে মূল চক্রী:

সোমবার রাতভর ধৃতদের ভবানী ভবনে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা। তদন্তকারীদের প্রধান লক্ষ্য এখন হলো মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করা। এই পেশাদার খুনিদের কে ভাড়া করেছিল এবং শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে টার্গেট করার নেপথ্যে প্রকৃত কারণ কী ছিল— তা ধৃতদের বয়ান থেকে স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাই-প্রোফাইল খুনের ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ