৩ বছরের মধ্যে সবচেয়ে শুকনো বর্ষা! জুনেই ভারতে পা রাখছে ‘এল নিনো’,





 নয়াদিল্লি: চলতি বছরের বর্ষা নিয়ে আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছিল, তা বহাল রেখেই জানানো হয়েছে যে এবার দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হবে. প্রশান্ত মহাসাগরের জলস্তরের তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়ার এই চেনা খামখেয়ালিপনা তথা ‘এল নিনো’ আগামী জুন মাসেই অতি দুর্বল অবস্থায় ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছবে. তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে এর শক্তি আরও বাড়বে. জুলাইয়ের মাঝামাঝি এবং আগস্টের দিকে এটি মাঝারি আকার ধারণ করলেও, সেপ্টেম্বর মাসে এই এল নিনো তার ভয়ংকরতম রূপ ধারণ করবে. যার জেরে শুধু ভারত নয়, ওলটপালট হয়ে যাবে গোটা বিশ্বের আবহাওয়া চক্র.


বিশ্বের একাধিক প্রথম সারির আবহাওয়া সংস্থাও ভারতের এই উদ্বেগকে মান্যতা দিয়েছে. অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর (BOM) এবং চিনের ন্যাশনাল ক্লাইমেট সেন্টার যৌথভাবে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে উষ্ণতার পারদ যেভাবে চড়ছে, তা এল নিনো পুরোপুরি সক্রিয় হওয়ারই স্পষ্ট ইঙ্গিত৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে যে, মহাসাগরের উপরিভাগের নিচে এক বিশাল গরম জলের স্রোত তৈরি হচ্ছে, যা এই মরশুমে এল নিনো-র দাপট বাড়াতে মূল অনুঘটকের কাজ করবে ৷ ভারতে ঐতিহাসিকভাবেই এল নিনো আসা মানে বর্ষার দফারফা হওয়া, খরা পরিস্থিতি তৈরি হওয়া এবং একের পর এক রেকর্ড ভাঙা তাপপ্রবাহ বা ‘হিটওয়েভ’ চলা. স্বাভাবিকভাবেই, জলের আকাল এবং চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কায় এখন ঘুম উড়েছে দেশের অন্নদাতাদের.