![]() |
| ফাইল ছবি: অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে বলে জানালেন সেনাপ্রধান, নতুন উসকানি এলে প্রস্তুত তিন বাহিনী। |
পুনে: গত বছর ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া এক নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছিলেন৷ তারই জবাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’৷ শনিবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে৷" সীমান্তে এখন যেটুকু শান্তি দেখা যাচ্ছে, তা সাময়িক." নতুন কোনও উসকানি এলে ‘অপারেশন সিন্দুর ২.০’ (Operation Sindoor 2.0) চালু করতে ভারতের স্থল, নৌ এবং বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি৷
ডিজিটাল ও সাইবার যুদ্ধের ব্লু-প্রিন্ট
জেনারেল দ্বিবেদী জানান, আধুনিক প্রযুক্তি ও নজরদারির কারণে বর্তমান যুদ্ধক্ষেত্র ২৪ ঘণ্টাই সম্পূর্ণ ‘স্বচ্ছ’৷ শত্রুপক্ষের নজর এড়িয়ে দেশের জওয়ান ও সীমান্ত এলাকার নাগরিকদের সুরক্ষিত রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ৷ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আগামী দিনের যুদ্ধ কেবল জল, স্থল বা আকাশেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে সাইবার, মহাকাশ (Space) এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ডোমেনেও৷
সেনাবাহিনীতে এআই ও বড়সড় সংস্কার
যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ড্রোনের ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান৷ পাশাপাশি বহু প্রতীক্ষিত ‘থিয়েটার কমান্ড’ (Theatre Command) গঠনের বিষয়ে তিনি জানান, চিফস অফ স্টাফ কমিটির আলোচনা সম্পন্ন হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এই সংক্রান্ত একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ আগামী দুই-তিন বছরের মধ্যেই এই নতুন সামরিক কাঠামো বাস্তবায়িত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷
