দিনদুপুরে নামল অন্ধকার! কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় লাল সতর্কতা

দক্ষিণবঙ্গে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি এবং কলকাতা আবহাওয়ার প্রতীকী ছবি
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি, কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।


 কলকাতা: তীব্র গরম আর অস্বস্তির মাঝেই রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে ফের ধেয়ে আসছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার বিকেলের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দমকা হাওয়াও বইতে পারে।


আজ সবচেয়ে বেশি ঝড়ের তাণ্ডব দেখা যাবে চার জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই এলাকাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, বিকেল গড়ালেই তিলোত্তমা কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহরতলি এলাকার আকাশেও দ্রুত বদল আসতে পারে। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


অবশ্য এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না। শনি ও রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে ঠিকই, কিন্তু তার তীব্রতা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। এই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, রবিবারের পর থেকেই বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে এবং আবারও গরম বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে।


এদিকে উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর যে, আজ থেকেই সেখানে বৃষ্টির দাপট ও তীব্রতা কমতে শুরু করবে। দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির আর কোনও সতর্কতা নেই। আগামীকাল শনিবার থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।