কলকাতা: এবারের আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক অবিশ্বাস্য বৈপরীত্যের সাক্ষী থেকেছে ক্রিকেট মহল। যেখানে রাজস্থানের তেরো বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী মাত্র ২৯ বল খেলে ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস উপহার দিল, সেখানে সমসংখ্যক ২৯টি বল খেলে যশস্বী জয়সওয়াল করতে পেরেছেন মাত্র ২৯ রান। এই এক ম্যাচই যেন বুঝিয়ে দিয়েছে, রাজস্থান শিবিরে আলোর বৃত্তটা এখন কার দিকে ঘুরে গিয়েছে।
জুনিয়রের ছায়ায় কমছে আত্মবিশ্বাস, রায়ডুর নিদান
যশস্বীর এই ফর্ম এবং দলে তাঁর অবস্থান নিয়ে ক্রিকেটভিত্তিক এক আলোচনায় মুখ খুলেছেন অম্বাতি রায়ডু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘যশস্বীর উচিত দল বদলানো। কারণ, এমন একজন যার ছায়ায় ও বারবার ঢাকা পড়ছে, তার সঙ্গে একই দলে খেলা কঠিন। যশস্বী তো নিজেও এক বড় তারকা। ও অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে গেলেও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ওর এখন সেই সঠিক পরিবেশ ও জায়গাটা প্রয়োজন। কারণ, দলের জুনিয়র ক্রিকেটারের ছায়ায় ঢাকা পড়লে সিনিয়র ক্রিকেটারের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই কমে যায়। ওর উচিত নিজের ব্যাটিং উপভোগ করা, যা ও রাজস্থানে থেকে পারছে না।"
মুম্বই নাকি কেকেআর? যশস্বীর সেরা বিকল্প কোনটি?
যশস্বী রাজস্থান ছাড়লে কোন দলে তাঁর ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল হতে পারে, সেই অঙ্কও কষে দিয়েছেন রায়ডু। তাঁর প্রথম পছন্দ মুম্বই ইন্ডিয়ান্স, কারণ যশস্বী তাঁর ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগটাই খেলেছেন মুম্বইয়ের মাটিতে। সেখানে রোহিত শর্মা তাঁর কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। ফলে রোহিতের উত্তরসূরি হিসেবে যশস্বী সেখানে গেলে দারুণ মঞ্চ পেতে পারেন।
তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে এবার গোয়াতে পাড়ি দিয়েছেন যশস্বী, যা থেকে স্পষ্ট যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সঙ্গে তাঁর বনিবনা খুব একটা ভালো যাচ্ছে না। তাছাড়া মুম্বই দলে এই মুহূর্তে রোহিত ছাড়াও রায়ান রিকেলটন এবং কুইন্টন ডি'ককের মতো দুই বিদেশি ওপেনার রয়েছেন। এই পরিস্থিতিতে রায়ডুর মতে, কেকেআর (KKR) হতে পারে যশস্বীর জন্য সবচেয়ে সেরা বিকল্প। কলকাতা নাইট রাইডার্সে গত দুই মরসুমে ওপেন করতে নেমে অজিঙ্ক রাহানে তাঁর বয়সের কারণে খুব একটা দাগ কাটতে পারেননি। যশস্বী যদি কেকেআরে আসেন, তবে ফিন অ্যালেনের সঙ্গে এক দুর্দান্ত এবং বিস্ফোরক ওপেনিং জুটি তৈরি হতে পারে, যেখানে অনেক চাপমুক্ত হয়ে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাবেন তিনি।
পরিসংখ্যানে মন্দ নন, তাও কেন এই পরামর্শ?
চলতি আইপিএলে যশস্বী জয়সওয়াল যে একেবারে ব্যর্থ, পরিসংখ্যান কিন্তু তা বলছে না। চলতি মরসুমে ১৫টি ম্যাচ খেলে তিনি ৪২৬ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। তাঁর গড় ৩২.৭৭ এবং স্ট্রাইক রেট ১৫৩.২৩, যা টি-টোয়েন্টি সুলভ। কিন্তু বৈভব সূর্যবংশীর অতিমানবিক পারফরম্যান্সের আড়ালে এবার ঢাকা পড়ে গিয়েছে যশস্বীর এই অবদান। গোটা আইপিএল জুড়ে এখন সব চর্চা ও আলো বৈভবকে নিয়েই। এই কারণেই জুনিয়রের ছায়া থেকে বেরিয়ে নিজের পায়ের তলার জমি শক্ত করতে যশস্বীকে নতুন ডেরা খোঁজার পরামর্শ দিচ্ছেন রায়ডু। এখন দেখার, আগামী মরসুমের আগে আইপিএলে যশস্বীর ভবিষ্যৎ কোন মোড় নেয়।
