মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম নবান্নে শুভেন্দু অধিকারী, এসপি-জেলাশাসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক

 


মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম নবান্নে শুভেন্দু

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক সদর দফতরে তাঁর প্রথম দিন ঘিরে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে। বেলা ১২টা নাগাদ নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

নবান্নে নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ

শুভেন্দুর নবান্ন সফরের আগে রবিবারই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা ও হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নবান্ন চত্বর, সভাঘর, প্রবেশপথ এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করা হয়। কোথায় কী নিরাপত্তা থাকবে, কোন পথে মুখ্যমন্ত্রীর যাতায়াত হবে— সবকিছু নিয়েই বিস্তারিত প্রস্তুতি চলে।

প্রশাসনিক বৈঠকে কী কী নিয়ে আলোচনা?

সূত্রের খবর, আজকের বৈঠকে রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, জেলা স্তরের কাজকর্ম এবং আগামী দিনের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনকে কী বার্তা দেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

জেলাশাসকদের স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ

নবান্ন সূত্রে খবর, বিকেল ৪টে থেকে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে আলাদা বৈঠক ডাকা হয়েছে। সব জেলাশাসককে স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কাজের গতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের পরিষেবা— এই বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠক

জেলাশাসকদের পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। উপস্থিত থাকতে পারেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, বিভিন্ন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং একাধিক এসপি-সিপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের ভূমিকা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে বলে সূত্রের খবর।

প্রথম দিনেই কড়া বার্তার ইঙ্গিত?

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নবান্ন বৈঠকেই প্রশাসন ও পুলিশকে স্পষ্ট বার্তা দিতে পারেন শুভেন্দু অধিকারী। সরকার বদলের পর রাজ্যের প্রশাসনিক কাঠামোয় কী ধরনের পরিবর্তন আসে, আগামী কয়েকদিনে তা আরও পরিষ্কার হবে।

মন্তব্যসমূহ