গ্রেফতারির আশঙ্কা! মেসি কাণ্ডে সমন এড়ালেন হঠাৎ ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস



 কলকাতা: মেসি-কাণ্ডে দায়ের হওয়া মামলায় নয়া মোড়। বিধাননগর দক্ষিণ থানার সমন পাওয়ার পরই অসুস্থতার কারণ দেখিয়ে সশরীরে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস৷ আপাতত হাজিরায় অব্যাহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পুলিশ সূত্রে খবর, তিনি তদন্তকারীদের কাছে দু’সপ্তাহ সময় প্রার্থনা করেছেন।


গত ১৭ মে ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় দায়ের হওয়া ওই মামলায় টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা এবং অনুষ্ঠানের নিরাপত্তায় গাফিলতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, মেসির ইভেন্টকে কেন্দ্র করে প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। পাশাপাশি প্রভাব খাটিয়ে ফুটবল তারকা লিওনেল মেসির সংস্পর্শে যাওয়া এবং অনুমতি ছাড়া তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।


এই অভিযোগগুলির ভিত্তিতে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই তিনি অসুস্থতার কথা জানিয়ে সময় চান। উল্লেখযোগ্যভাবে, এই মামলায় আগাম জামিনের আবেদন বারাসত আদালত খারিজ করে দেওয়ায় বর্তমানে তাঁর হাতে কোনও আইনি সুরক্ষা নেই।


অরূপ বিশ্বাসের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন মামলাকারী শতদ্রু দত্ত। সমাজমাধ্যমে তিনি লেখেন, “সমন আসতেই হঠাৎ অসুস্থতা! মেডিক্যাল সার্টিফিকেট হয়তো সময় কিনতে পারে, কিন্তু বিচার থেকে পালানোর পথ নয়। এতদিন সব ঠিক ছিল, আর সমন আসতেই শরীর খারাপ, এর উত্তর তদন্তেই মিলবে।” এদিকে প্রাক্তন মন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।