অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ কীভাবে? কোন ওয়েবসাইটে যাবেন? রইল গাইডলাইন

অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, ফর্ম পূরণ এবং সরকারি সহায়তার প্রতীকী ছবি


কলকাতা: রাজ্য সরকারের বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনার’ সুবিধা পেতে এবার আর লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলার ঝক্কি পোহাতে হবে না আবেদনকারীদের। অফলাইনের পর আজ থেকেই পুরোদমে চালু হয়ে গেল এই প্রকল্পের অনলাইন পোর্টাল। উপভোক্তারা এখন থেকে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন। এই আর্জি জানানোর জন্য পুরো ৯০ দিন সময় দেওয়া হয়েছে। তবে ১২ পাতার এই মস্ত ফর্মে জমি-জায়গা থেকে শুরু করে পরিবারের প্রতিটি বাচ্চার টিকাকরণের ইতিহাস জানতে চাওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদনকারীদের কী কী করতে হবে, তা ধাপে ধাপে নিচে আলোচনা করা হল-


অফিশিয়াল ওয়েবসাইট: আবেদন করার জন্য উপভোক্তাদের প্রথমেই রাজ্য সরকারের সমাজকল্যাণমূলক পোর্টাল https://socialsecurity.wb.gov.in/-এ লগ-ইন করতে হবে। পোর্টালটির অফিশিয়াল নাম রাখা হয়েছে ‘অন্নপূর্ণা যোজনার পোর্টাল’।


ভাষা নির্বাচন: ওয়েবসাইটে ঢোকার পর আবেদনকারীরা নিজেদের পছন্দমতো ভাষা (যেমন বাংলা বা ইংরেজি) বেছে নিয়ে ১২ পাতার আবেদনপত্রটি ডাউনলোড করার সুযোগ পাবেন।


মোবাইল রেজিস্ট্রেশন: ফর্ম ডাউনলোডের আগে বা পরে পোর্টালে নিজের সচল মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত বা রেজিস্টার করা বাধ্যতামূলক।


ফর্ম স্ক্যান ও আপলোড: ডাউনলোড করা ১২ পাতার ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার পর, সেটিকে স্ক্যান করে ওই পোর্টালেই আপলোড করে দিতে হবে। ফর্মের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রও ডিজিটাল কপিতে রূপান্তর করে ওয়েবসাইটে জমা দিতে হবে।


আবেদনের সময় সাথে রাখবেন যে সমস্ত ডকুমেন্ট


ফর্ম ফিল-আপ করতে বসার আগে নিচের নথিপত্রগুলি হাতের কাছে গুছিয়ে রাখলে কাজ অনেক সহজ হবে


* আধার কার্ড ও ভোটার আইডি কার্ড


* ডিজিটাল রেশন কার্ড


* ব্যাঙ্কের পাসবই (অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড সহ)


* ঠিকানার প্রমাণপত্র হিসেবে কারেন্ট বা জলের বিল


* পাসপোর্ট সাইজের রঙিন ছবি


“ফর্ম নিয়ে ধোঁয়াশায় ভুগবেন না, বাড়ি বাড়ি যাবে সরকারি লোক”

ব্যাঙ্ক অ্যাকাউন্টের হাঁড়ির খবর থেকে শুরু করে পরিবারে কতজন সন্তান রয়েছে বা তাদের ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না,  ফর্মে এমন একাধিক খুঁটিনাটি তথ্য চাওয়া নিয়ে আমজনতার একাংশের মধ্যে ক্ষোভ ও ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, অন্নপূর্ণার ফর্ম সংক্রান্ত কোনও ভুল রটনা বা গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না বা ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়বেন, তাঁদের চিন্তার কিছু নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট সরকারি প্রতিনিধি পাঠানো হবে এবং তাঁরাই উপভোক্তাদের বাড়ি গিয়ে ফর্মটি পূরণ করিয়ে দেওয়ার পুরো ব্যবস্থা করবেন। তাই অযথা আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।