অফিস চালুর আগেই আলিপুরের সরকারি বহুতলে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ১০টি ইঞ্জিন

Fire accident at South 24 Parganas Zilla Parishad building in Alipore Kolkata
কলকাতার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।

কলকাতা: বুধের সকালে মহানগরের অন্যতম প্রশাসনিক কেন্দ্র আলিপুরে বড়সড় দুর্ঘটনা। সকাল পৌনে ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে আচমকাই আগুন লেগে যায়। আলিপুর আদালতের একদম গা ঘেঁষে থাকা এই বহুতলটি থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে হুলস্থুল পড়ে যায় এলাকায়। সরকারি কর্মীদের হাজিরা দেওয়ার ঠিক আগেই এই বিপত্তি ঘটায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একে একে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে।

৩টি তলা গ্রাস করল আগুন

স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলটির চার তলা থেকে প্রথম আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ওপরের দিকে ছড়াতে ছড়াতে পাঁচ এবং ছয় তলাকেও গ্রাস করে নেয়। দমকলের প্রাথমিক ধারণা, গরমের কারণে একটানা চলতে থাকা কোনও এসি (AC) শর্ট সার্কিট হয়ে ফেটে যাওয়াতেই এই লঙ্কাখণ্ড। কাচঘেরা আধুনিক ভবন হওয়ায় ভেতরে ধোঁয়া জমতে শুরু করে, যা বের করার জন্য দমকলকর্মীরা লোহার রড দিয়ে জানলার কাচ ভাঙতে শুরু করেন।

আরও পড়ুন: ইউজারদের নিরাপত্তা শিকেয় তুলে AI-এর অন্ধ দৌড়! প্রতিদ্বন্দীদের চরম হুঁশিয়ারি অ্যাপেল প্রধানের

প্রশাসনিক তৎপরতা ও কড়া নিরাপত্তা

যেহেতু পাশে রেজিস্ট্রি অফিস, কোর্ট এবং বেশ কিছু বাণিজ্যিক দোকান রয়েছে, তাই আগুন ছড়িয়ে পড়া আটকাতে তৎক্ষণাৎ পুরো ভবনের মেইন পাওয়ার বা বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। আলিপুর থানার পুলিশ বাহিনী এসে সাধারণ মানুষের ভিড় হঠাতে পুরো চত্বরটি কর্ডন বা ব্যারিকেড করে দেয়। সকাল সাড়ে ১০টার মধ্যে যে সমস্ত সরকারি কর্মীরা দফতরে আসছিলেন, নিরাপত্তার স্বার্থে তাঁদের কাউকেই আজ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দমকল জানিয়েছে, ভেতরে কেউ আটকে না থাকায় উদ্ধারকাজে গতি এসেছে এবং আগুন ছড়ানো অনেকটাই আটকানো গিয়েছে।