রুশ হামলায় ইউক্রেনে নিহত ৫, ওদিকে মার্কিন দূতদের সঙ্গে বৈঠককে স্বাগত জানালেন জেলেনস্কি

Russia Ukraine War: Russian airstrike in Kharkiv and Donetsk, Zelenskyy talks to Trump envoys
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৫, অন্যদিকে যুদ্ধ থামাতে ট্রাম্পের দূতের সঙ্গে কথা বললেন জেলেনস্কি।

কিয়েভ: একদিকে যখন যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করল ভ্লাদিমির পুতিনের সেনা। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশে রাশিয়ার রাতভর মিসাইল ও ড্রোন হামলায় এক অন্তঃসত্ত্বা মহিলা-সহ অন্তত ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু-সহ আরও বহু মানুষ। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে ড্রোন হামলা চালানোয়, তার জবাবেই মস্কো এই পাল্টা বড়সড় এয়ার স্ট্রাইক চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্তঃসত্ত্বা-সহ ৫ জনের মৃত্যু

ইউক্রেনীয় আধিকারিকদের মতে, খারকিভের চুহুইভ শহরে রাশিয়ার মিসাইল হামলায় এক অন্তঃসত্ত্বা মহিলা ও আরও দুইজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বহু আবাসিক ভবনের। অন্যদিকে, খারকিভ শহরেই এক ভয়াবহ ড্রোন হামলায় শিশু-সহ ১৬ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কের বিলোজার্স্কে ও দ্রুঝকিভকা এলাকায় রুশ হামলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’ বিতর্ক! জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়া ঘিরে চরমে কূটনৈতিক উত্তেজনা

ট্রাম্পের দূতের সঙ্গে কথা জেলেনস্কির

এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই যুদ্ধ থামাতে বড়সড় কূটনৈতিক চাল চেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডন সফর সেরে ফেরার পথে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের (ডোনাল্ড ট্রাম্পের জামাতা) সঙ্গে ফোনে এক "অত্যন্ত ইতিবাচক" বৈঠক করেন জেলেনস্কি। এক্স (X) হ্যান্ডেলে জেলেনস্কি জানান, "ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ থামাতে আগামী সপ্তাহগুলিতে কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে তাঁরা সক্রিয়তা দেখিয়েছেন।"

বৈঠক প্রত্যাখ্যান পুতিনের

লণ্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর ইউরোপের এই তিন রাষ্ট্রনেতাই ইউক্রেনের প্রতি তাঁদের "অটল সমর্থন" পুনর্ব্যক্ত করেছেন। অন্য এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন, পুতিনের চারপাশের কর্মকর্তাদের অর্ধেকই এই যুদ্ধ থামাতে চান। উল্লেখ্য, গত সপ্তাহেই মুখোমুখি বৈঠকের আর্জি জানিয়ে পুতিনকে চিঠি পাঠিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই মুখোমুখি বসার "কোনো মানে হয় না।" আগে বিশেষজ্ঞরা চুক্তি তৈরি করুক, তারপর সই করার জন্য বৈঠক হতে পারে।