লোকসভাও কি ‘আসল তৃণমূল’? দলনেতা নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক পোস্ট কাকলির!

Kakoli Ghosh Dastidar rebel TMC MP explosive social media post Lok Sabha
লোকসভায় দলনেতা বদলের জল্পনার মাঝেই এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার।

কলকাতা: বঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ভাঙন শুরু হয়েছে, তা এবার দিল্লির বুকেও থাবা বসাতে চলেছে। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন, রাজ্য বিধানসভার ধাঁচে এবার লোকসভার সংসদীয় দলের নিয়ন্ত্রণ বা ‘মালিকানা’ হারাতে চলেছে জোড়াফুল শিবির। আর সেই নতুন সমীকরণে লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা হতে চলেছেন বারাসতের প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সোশ্যালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিস্ফোরক পোস্ট করলেন এই নেত্রী।

দ্বন্দ্বের সূত্রপাত ও ক্ষোভ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের সম্পর্ক কাকলির। অথচ ছাব্বিশের ভোটের পরেই লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে আচমকা তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। এর পরেই দলের অন্দরে ফাটল চওড়া হয় এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ ছাড়েন কাকলি। এর ঠিক পরেই কেন্দ্রের তরফে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তাঁর ‘গোপন আঁতাত’ নিয়ে জল্পনা তৈরি হয়।

আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! রাজ্যে লাগানো হবে ১ কোটি ১০ লক্ষ গাছ, আসছে 'স্বচ্ছ অ্যাপ'

বিস্ফোরক পোস্ট ও ৭ জুন মেগা বৈঠক

এরই মাঝে শুক্রবার এক্স হ্যান্ডেলে কাকলি লিখেছেন, চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা কোনও চারবারের সাংসদ স্রেফ নিজের স্বার্থে দল ছাড়েন না। তাঁর দাবি, এটি আসলে দলের নীতিগত ভুল এবং পূর্বতন শাসকের ‘শাসনের ব্যর্থতা’। এদিকে সূত্রের খবর, আগামী ৭ জুন প্রায় ২০ জন তৃণমূল সাংসদকে নিয়ে একটি মেগা বৈঠক করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। সব ঠিক থাকলে, আগামী সোমবার দিল্লির স্পিকারের কাছে দলনেতা বদলের আবেদন জানিয়ে একটি স্বাক্ষরিত চিঠিও জমা দিতে পারেন এই বিক্ষুব্ধ সাংসদেরা।