তাজপুরে জমিই নেই! গভীর সমুদ্রবন্দরের নতুন ঠিকানা দাদনপাত্রবাড়, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Tajpur deep sea port project shifted to Dadanpatrabar Adani group meeting Nabanna
তাজপুরের বদলে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরি হতে পারে রাজ্যের নতুন গভীর সমুদ্রবন্দর।

কলকাতা: বহু বছর ধরে আলোচনায় থাকা তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে নতুন মোড়। রাজ্য সরকারের তরফে জানানো হল, প্রস্তাবিত তাজপুর এলাকায় পর্যাপ্ত সরকারি জমি না থাকায় সেখানে বন্দর নির্মাণের সম্ভাবনা কার্যত ক্ষীণ। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড় এলাকায় নতুন করে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

তাজপুরে কেন হচ্ছে না বন্দর?

বুধবার আদানি পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার নবান্নে এ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাজপুরে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি সরকারের হাতে নেই। সেই কারণেই বিকল্প হিসেবে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড় এলাকার একটি বিস্তীর্ণ জমির কথা বিনিয়োগকারী সংস্থার কাছে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় এবার ছুটবে 'ওয়াটার মেট্রো'! নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদনপাত্রবাড়ে কেন সম্ভাবনা বেশি?

মুখ্যমন্ত্রীর দাবি, ওই এলাকায় একসময় নুন শিল্পের কারখানা ছিল এবং বর্তমানে সেখানে প্রায় ১,৭০০ একর জমি উপলব্ধ রয়েছে। গভীর সমুদ্রবন্দর গড়ার ক্ষেত্রে এই জমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে প্রশাসনের ধারণা। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে।

আগের সরকারের আমলের পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি

প্রসঙ্গত, পূর্বতন রাজ্য সরকারের আমলে তাজপুরে প্রায় ১৫ হাজার কোটি টাকার গভীর সমুদ্রবন্দর প্রকল্প ঘোষণা করা হয়েছিল। বন্দর-সংলগ্ন পরিকাঠামো উন্নয়নে আরও কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনাও ছিল। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আদানি গোষ্ঠীকে প্রকল্পের দায়িত্ব দেওয়া হলেও বিভিন্ন প্রশাসনিক ও অনুমোদন সংক্রান্ত জটিলতায় কাজ আর এগোয়নি।

নতুন সরকারের আমলে প্রকল্পটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ শুরু হয়েছে। তবে এবার তাজপুর নয়, দাদনপাত্রবাড়ই কি বাংলার নতুন বন্দর নগরী হতে চলেছে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়।