|
| নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। |
নয়াদিল্লি: বৃহস্পতিবার নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে দেশ গড়ার একগুচ্ছ রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সামনে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, ২০৪৭ সালের মধ্যে 'উন্নত ভারত' গড়ার যে লক্ষ্যমাত্রা স্থির হয়েছে, তা পূরণে কেন্দ্র থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে।
এল নিনোর চোখরাঙানি ও জল সংরক্ষণে কড়া বার্তা
দেশের আবহাওয়া নিয়ে বড়সড় আশঙ্কার কথা এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিশ্বজুড়ে তৈরি হওয়া এল নিনো (El Nino) পরিস্থিতির কারণে ভারতে বর্ষার স্বাভাবিক গতিপ্রকৃতি বাধাপ্রাপ্ত হতে পারে বলে প্রবল সংশয় রয়েছে। সেই কারণেই সম্ভাব্য খরা বা জলসঙ্কট এড়াতে প্রতিটি রাজ্যকে যুদ্ধকালীন তৎপরতায় এখন থেকেই জল সংরক্ষণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কৃত্রিম মেধা (AI) ব্যবহারের পাশাপাশি সাইবার অপরাধে রাশ
আগামী দিনের অর্থনীতির অন্যতম চাবিকাঠি হতে চলেছে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। মোদী জানান, এই নতুন প্রযুক্তিকে এড়িয়ে গেলে চলবে বায় না, বরং একে ভবিষ্যতের বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে যুবসমাজকে দক্ষ করে তুলতে হবে। তবে প্রযুক্তির আগ্রাসনের সঙ্গে পাল্লা দিয়ে দেশে সাইবার জালিয়াতি ও মাদকচক্রের মতো যে সামাজিক অপরাধগুলি ক্রমশ জাল বিস্তার করছে, তা কঠোর হাতে দমনের নির্দেশও দিয়েছেন তিনি।
৭০ কোটি যুবশক্তির হাত ধরেই 'উন্নত ভারত'
বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতি চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বমঞ্চে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। মোদীর মতে, দেশের ৭০ কোটি তরুণ প্রজন্মের অসীম সম্ভাবনার হাত ধরেই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব। এই কর্মক্ষম শ্রেণিকে কাজে লাগিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং রাজ্যে রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার দিকেও এদিন বিশেষ নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, রফতানি বাড়াতে 'এক জেলা এক পণ্য' (ODOP) প্রকল্পকে আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।