|
|
| ২০০ কোটির তোলাবাজি মামলায় ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জ্যাকলিন। |
নয়াদিল্লি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ এবং তোলাবাজির মামলায় এবার এক নতুন মোড়। নিম্ন আদালতের অভিযোগ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। আগামী ১১ জুন, ২০২৬ তারিখে এই মামলার জরুরি শুনানির আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
|
ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন
জ্যাকলিনের আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এ এস চন্দুরকরের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি শোনার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে। এর আগে গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জ্যাকলিনের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল। ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন অভিনেত্রী।
ইডির অভিযোগ ও জ্যাকলিনের দাবি
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আদালতে দাবি করেছে, সুকেশের অপরাধমূলক অতীত জানার পরেও জ্যাকলিন তার কাছ থেকে একাধিক অত্যন্ত দামি ও বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন। নিম্ন আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি প্রশান্ত শর্মা জানিয়েছিলেন, জ্যাকলিনের বিরুদ্ধে প্রথম দর্শনে (Prima Facie) অপরাধের সঙ্গে যুক্ত থাকার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে এবং তিনি সুকেশের অপরাধের টাকা লুকিয়ে রাখতে সাহায্য করেছেন।
|
|
গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের পর জ্যাকলিন আদালতে সশরীরে হাজিরা দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং ট্রায়াল বা আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার দাবি জানান। জ্যাকলিনের আইনজীবীদের যুক্তি, অভিনেত্রী নিজেই কনম্যান সুকেশের প্রতারণার জাল এবং তার মোডাস অপারেন্ডির শিকার হয়েছেন, অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে বেছে বেছে পদক্ষেপ করছে। আগামী দিনে সুপ্রিম কোর্ট জ্যাকলিনকে কোনো স্বস্তি দেয় কি না, সেটাই এখন দেখার। পেশাগত স্তরে জ্যাকলিনকে আগামী ২৬ জুন মুক্তি পেতে চলা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে।