|
|
| তৃণমূলের অন্দরে বিদ্রোহের জল্পনা! এবার কি এনডিএ-র পথে সাংসদ সায়নী ঘোষ? |
কলকাতা: রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না! সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে যে বিদ্রোহের আগুন জ্বলছে, তাতে এবার ঘি ঢালল আরও এক চাঞ্চল্যকর খবর। একসময় যিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভবিষ্যতের প্রধানমন্ত্রী' হিসেবে তুলে ধরতেন, সেই তারকা নেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবার নাম লেখালেন বিদ্রোহী শিবিরে!
বিদ্রোহীদের খাতায় সায়নীর সই?
রাজনৈতিক মহলে কান পাতলেই এখন তৃণমূলের অন্দরের ভাঙনের খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ (NDA)-কে সমর্থন করার জন্য লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন, সেই দলিলে সই করেছেন খোদ যুব তৃণমূলের প্রাক্তন সভানেত্রী সায়নী ঘোষ। জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে কলকাতায় নেই, বরং দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সঙ্গেই রয়েছেন। সায়নীর মতো একজন প্রথম সারির একনিষ্ঠ নেত্রীর এমন দলবদল তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে যে এক বিশাল বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: জল্পনা তুঙ্গে! সোনিয়ার পর রাহুলের সঙ্গে বৈঠক অভিষেকের, তবে কি কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল?
রাজ্যসভাতেও জোড়া ধাক্কা
লোকসভায় ২০ জন সাংসদের বিদ্রোহের খবরের পাশাপাশি রাজ্যসভাতেও দলের অবস্থা রীতিমতো শোচনীয়। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার দুই প্রবীণ সাংসদ দল ও পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত ৮ জুন বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায় সরাসরি দলের বিরুদ্ধে দুর্নীতি ও সুশাসনের অভাবের অভিযোগ তুলে পদত্যাগ করেন। তিনি বর্তমান শাসনকালকে '১৫ বছরের নৈরাজ্য' বলেও কটাক্ষ করেছেন।
অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুস্মিতা দেবের বৈঠক
সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন সুস্মিতা দেব। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, "দুই নৌকায় পা দিয়ে চলা সম্ভব নয়।" এই ইস্তফার পরই দিল্লিতে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতা দেবের একটি ছবি সামনে আসে। এরপর থেকেই তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলের এই চরম ক্রাইসিসের মুহূর্তে সায়নী ঘোষের মতো যুব আইকন যদি সত্যিই দল ছাড়েন, তবে তা তৃণমূলের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক অশনি সংকেত। এখন দেখার, শীর্ষ নেতৃত্ব এই মেগা ড্যামেজ কন্ট্রোল কীভাবে করে।