|
|
| ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ভোটারদের সমর্থন তলানিতে, বলছে নতুন জনমত সমীক্ষা। |
ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে খোদ মার্কিন ভোটারদেরই সমর্থন তলানিতে এসে ঠেকেছে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, ইপসস (Ipsos) এবং ব্রুকিংস-এর করা একটি নতুন জনমত সমীক্ষা বা পোল থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
সমীক্ষায় কী জানা যাচ্ছে?
গত ১৫ থেকে ২১ মে-র মধ্যে মোট ১৩৭৭ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এই সমীক্ষা চালানো হয়। তাঁদের মধ্যে ৫৬ শতাংশ মানুষ জানিয়েছেন, দেশে এবং বিদেশে মার্কিন স্বার্থের ওপর এই যুদ্ধের প্রভাব 'ইতিবাচক হওয়ার চেয়ে অনেক বেশি নেতিবাচক' (more negative than positive)। অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ মনে করছেন এই যুদ্ধ আখেরে দেশের ক্ষতিই করছে।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামানোর ভোটাভুটিকে 'দেশদ্রোহিতা' বললেন ট্রাম্প! বিরোধীদের তীব্র আক্রমণ
ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতামত
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে এই যুদ্ধের প্রতি সমর্থন আরও অনেকটাই কম। ৮৮ শতাংশ ডেমোক্র্যাট ভোটার স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই যুদ্ধ আমেরিকার জন্য খারাপ। অন্যদিকে, ৩৩ শতাংশ রিপাবলিকান ভোটারও একই মত পোষণ করেছেন।
যুদ্ধে কি জিতছে আমেরিকা?
আমেরিকা কি ইতিমধ্যে এই যুদ্ধে জিতে গিয়েছে বা জেতার পথে এগোচ্ছে? এই প্রশ্নের উত্তরে মাত্র ১৬ শতাংশ মার্কিন ভোটার 'হ্যাঁ' বলেছেন। এই ১৬ শতাংশের মধ্যে ৩৯ শতাংশ রিপাবলিকান থাকলেও, ডেমোক্র্যাটদের হার মাত্র ১ শতাংশ। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মধ্যে যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে, তা এই সমীক্ষাতেই পরিষ্কার।